অনলাইন ডেস্ক, ১৩ মার্চ, ২০২৫: ভবিষ্যতে পানীয়জল সরবরাহ, কৃষিকাজ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে এখন থেকেই আমাদের জল সংরক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। আধুনিক সেচ প্রযুক্তি ব্যবহার, বৃষ্টির জল সংরক্ষণ এবং সচেতনভাবে জল ব্যবহারের মাধ্যমে জল সঙ্কট মোকাবিলা করতে হবে।
আজ তুলাশিখর ব্লকের পূর্ব বাচাইবাড়ি এডিসি ভিলেজের সেন্ট পিটার বিদ্যালয় সংলগ্ন নবনির্মিত জল পরিশোধন কেন্দ্র ও মিনি ডিপ টিউবওয়েলের উদ্বোধন করে এবং জল সংরক্ষণ যাত্রা অভিযান-২০২৫ এর সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা একথা বলেন।
এ উপলক্ষে পূর্ব বাচাইবাড়ি এডিসি ভিলেজের কাঠিয়াবাড়ি এসবি বিদ্যালয় প্রাঙ্গণে জল সংরক্ষণ যাত্রা অভিযানের সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, কৃষি কাজের জন্য জল সংরক্ষণে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। এই কাজে সবার সহযোগিতা করতে হবে।
আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জিলা পরিষদের কার্যনির্বাহী সদস্য অনন্ত দেববর্মা, টিটিএএডসি’র খোয়াই জোন্যালের চেয়ারম্যান বিশু দেববর্মা, ভাইস চেয়ারম্যান খগেশ দেববর্মা, রাজ্যস্তরীয় নোডাল এজেন্সির মুখ্য কার্যনির্বাহী সদস্য শরদিন্দু দাস, খোয়াই জেলার জল সংরক্ষণ সেল ও ডাটা কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার সাবেন্দ্র দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুলাশিখর কৃষি মহকুমার কৃষি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান অমিত দেববর্মা।
অতিথিগণ জল সংরক্ষণ পদ্ধতি ও এ বিষয়ে রাজ্য সরকারের পদক্ষেপ নিয়ে বক্তব্য রাখেন এই অনুষ্ঠানে এলাকার ১০ জন কৃষককে পাওয়ার টিলার বিতরণ করা হয়। তাছাড়া এলাকার ৩টি স্বসহায়ক দলকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ ৫০ হাজার টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়। ২ জনকে সেরা কৃষকের পুরস্কার প্রদান করা হয়। তাদের হাতে ৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
৮০০ জনকে ১টি করে নারিকেল গাছের চারা, ১৭ জনকে ১টি করে স্প্রে মেশিন ও ৪ জনকে ১টি করে জলের পাম্প সেট তুলে দেন অতিথিগণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তুলাশিখর কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক অর্পণ দেববর্মা।








