অনলাইন ডেস্ক, ১১ মার্চ, ২০২৫: আত্মনির্ভর ত্রিপুরা গঠন করা শুধু রাজ্য সরকারের স্লোগানই নয়, তা বাস্তবে পরিণত হচ্ছে। সমাজের অবহেলিত গরীব অংশের মানুষের সার্বিক উন্নয়ন রাজ্য সরকারের লক্ষ্য। এই অংশের মানুষের উন্নয়নের মধ্য দিয়েই রাজ্য সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার কাজ করছে।
আজ বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের উদ্যোগে সিপাহীজলা জেলাভিত্তিক তিনদিনব্যাপী সরস মেলার উদ্বোধন করে তপশিলি জাতি, মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস একথা বলেন। তিনদিনব্যাপী সরস মেলায় জেলার স্বসহায়ক দলের পক্ষ থেকে ৯৫টি স্টল খোলা হয়েছে। সরস মেলার উদ্বোধন করে প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী বলেন, গ্রামীণ এলাকার অর্থনৈতিক উন্নয়নে স্বসহায়ক দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
স্বসহায়ক দলগুলি গুণগতমানের পণ্য উৎপাদনের মধ্য দিয়ে গ্রামীণ এলাকায় তাদের ব্যবসা প্রসারিত করতে পারবে। তিনি বলেন, ইতিমধ্যেই রাজ্যে ৫২ হাজার ৬০০ স্বসহায়ক দল গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারীদের ক্ষমতায়নে এবং উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছেন। মহিলাদের বাদ দিয়ে আমাদের দেশ এগিয়ে যেতে পারবে না। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক কিশোর বর্মন, বিধায়ক অন্তরা সরকার দেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের দারিদ্র্য দূরীকরণ স্থায়ী কমিটির সভাপতি বেলা দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী বিপ্লব চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী উত্তম দাস এবং বিভিন্ন ব্লকের বিডিওগণ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। স্বাগত বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক রিংকু লাথের।







