মুঙ্গিয়াবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মেন্সট্রুয়াল হাইজিন বিষয়ক স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি

অনলাইন ডেস্ক, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫: বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে মেনস্ট্রুয়াল হাইজিন বিষয়ক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে এলাকার মুঙ্গিয়াবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এই বিষয়ে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

তাতে মোট ৫০ জন বিদ্যালয়ের ছাত্রী অংশগ্রহণ করেন। এদিন এই কর্মসূচিতে মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের চিকিৎসক ডাঃ দীপ্রিয়া দেববর্মা এবং চিকিৎসক ডাঃ দেবলীনা নাথ উপস্থিত ছাত্রীদের মধ্যে ঋতুচক্রের দিনগুলিতে তাদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, শাকসব্জি, ফলমূল, আয়রন ও ভিটামিন-সি সমৃদ্ধ খাবার গ্রহণ করার পরামর্শ প্রদান করেন।

এর পাশাপাশি এদিন রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের অধীনে ৪’ডি’ শনাক্তকরণের জন্য বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট ভাস্কর দে। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment