অনলাইন ডেস্ক, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫: শিশু, কিশোর-কিশোরী এবং প্রজননক্ষম বয়সের মহিলাদের মধ্যে রক্তাল্পতার প্রকোপ কমাতে অ্যানিমিয়া মুক্ত ভারত অভিযান কর্মসূচির অধীনে স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ বিভিন্ন শিক্ষা প্রতিস্থানগুলিতে “টেস্ট-ট্রিট-টক” (টিথ্রি) ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।
সিপাহীজলা জেলার অন্তর্গত তকসা পাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীনে পদ্মিনীনগর আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উদ্যোগে গত ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ স্থানীয় পদ্মিনীনগর উচ্চ বিদ্যালয়ে এক “টেস্ট- ট্রিট-টক”(টিথ্রি) ক্যাম্পের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে তকসা পাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাঃ অরুণ দেববর্মার তত্ত্বাবধানে স্বাস্থ্যকর্মীরা মোট ৩০ জন ছাত্রছাত্রীদের রক্তের হিমোগ্লোবিনের মাত্রা পরিমাপ করেন এবং যাদের রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ১১ এর নিচে তাদের বিনামূল্যে আয়রন ট্যাবলেট প্রদান করা হয়।
এর পাশাপাশি এদিন ডাঃ দেববর্মা রক্তাল্পতা প্রতিরোধে আয়রন ট্যাবলেট সেবন ও আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করার পরামর্শও প্রদান করেন। এছাড়াও এদিন উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে ক্যুইজ প্রতিযোগিতার মাধ্যমে সঠিক উত্তর দাতাদের পুরস্কৃত করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পদ্মিনীনগর আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কমিউনিটি হেলথ অফিসার প্রিয়াঙ্কা ঘোষ, এমপিএস মিলন দেববর্মা, এমপিডব্লিও আশিস দেববর্মা সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।








