প্রগতি ত্রিপুরা,২৯ নভেম্বর, ২০২৬: দীএবার চোরের দল হানা দিল গোয়ালঘরে! রাতের অন্ধকারে গোয়ালঘরের তালা ভেঙে চারটি গবাদিপশু চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি এলাকায়। চুরি যাওয়া পশুর মধ্যে রয়েছে দুটি বড় গরু ও দুটি বাছুর। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার গভীর রাতে গোলাবাড়ি এলাকার বাসিন্দা রতন পোদ্দারের বাড়িতে হানা দেয় দুষ্কৃতীদের একটি দল। অভিযোগ, বাড়ির গোয়ালঘরের দরজার তালা ভেঙে ভিতরে থাকা চারটি গবাদিপশু নিয়ে পালিয়ে যায় তারা। রবিবার সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান বাড়ির মালিক। ভিতরে গিয়ে দেখেন, দুটি গরু ও দুটি বাছুরের কোনও সন্ধান নেই।
ঘটনার পরই বিষয়টি তেলিয়ামুড়া থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।
এদিকে, এই চুরির ঘটনায় গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে উঠে এসেছে একটি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ। বাড়ির পাশের ওই দোকানে লাগানো ক্যামেরায় রাত আনুমানিক তিনটার সময় একটি বুলেরো গাড়ির উপস্থিতি ধরা পড়েছে। অভিযোগ, ওই গাড়িতে করেই চুরি যাওয়া গবাদিপশুগুলি নিয়ে যাওয়া হয়েছে। তবে ফুটেজে গাড়িটির নম্বরপ্লেট স্পষ্টভাবে দেখা না যাওয়ায় গাড়ি ও তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের শনাক্ত করা এখনও কঠিন হয়ে পড়েছে।
প্রকাশ্য দিবালোকে নয়, গভীর রাতে এভাবে গোয়ালঘরের তালা ভেঙে গবাদিপশু চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের আশঙ্কা, এর পিছনে কোনও সংঘবদ্ধ গবাদিপশু চোর চক্র সক্রিয় থাকতে পারে।
এখন এলাকাবাসীর নজর পুলিশের তদন্তের দিকে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সন্দেহভাজন গাড়িটির পরিচয় উদ্ধার করে অভিযুক্তদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া চারটি গবাদিপশু উদ্ধারে পুলিশ কত দ্রুত পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।







