রামনগর মণ্ডল কার্যালয়ে প্রধানমন্ত্রীর ১৪০তম মন কি বাত শ্রবণ, উপস্থিত মেয়র দীপক মজুমদার

প্রগতি ত্রিপুরা,২৯ নভেম্বর, ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৪০তম পর্ব উপলক্ষে রবিবার রামনগর মণ্ডল কার্যালয়ে বিশেষ শ্রবণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, রাজ্যের ‘মন কি বাত’ কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত রতন ঘোষ, রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথের কার্যকর্তা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের ‘মন কি বাত’ ইনচার্জ রতন ঘোষ দাবি করেন, বুথভিত্তিক শ্রবণ কর্মসূচিতে গত পাঁচ থেকে ছয় মাস ধরে সারা দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে ত্রিপুরা। তাঁর বক্তব্য অনুযায়ী, রাজ্যের ৩,৩৩২টি বুথেই প্রতি মাসের চতুর্থ রবিবার এই অনুষ্ঠান শোনার ব্যবস্থা করা হচ্ছে। শুধু বিজেপির দলীয় কর্মীরাই নন, সমাজের বিভিন্ন স্তরের মানুষও এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন বলে তিনি জানান।

রতন ঘোষ বলেন, ‘মন কি বাত’ কোনও রাজনৈতিক বক্তব্যের মঞ্চ নয়। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষের ভাবনা, বিভিন্ন ক্ষেত্রে সাফল্য এবং সমাজের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরেন। খেলাধুলায় সাফল্য, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য, স্বচ্ছ ভারত অভিযান থেকে শুরু করে দৈনন্দিন জীবনে খাদ্যতালিকায় তেলের ব্যবহার ১০ শতাংশ কমানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ও এই অনুষ্ঠানে আলোচিত হয়।

এদিনের বক্তব্যে নেশামুক্ত ভারত গঠনের প্রসঙ্গও উঠে আসে। নেশামুক্ত ভারত গড়ার পাশাপাশি নেশামুক্ত ত্রিপুরা গঠনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার উদ্যোগ ও অবস্থানের কথা উল্লেখ করেন রতন ঘোষ। প্রধানমন্ত্রীর সঙ্গে নেশাসক্ত এক যুবকের টেলিফোনে কথোপকথনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুবসমাজকে নেশার করাল গ্রাস থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের ‘মন কি বাত’ অনুষ্ঠান নিয়ে করা মন্তব্যেরও পাল্টা প্রতিক্রিয়া জানান রতন ঘোষ। রাজ্যের মানুষ এই অনুষ্ঠান শোনেন না—এমন বক্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, শিক্ষক, বুদ্ধিজীবী, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন পেশার মানুষ নিয়মিত এই অনুষ্ঠান শ্রবণ করেন। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে বহু মানুষ এই কর্মসূচির সঙ্গে যুক্ত হচ্ছেন বলেও তিনি দাবি করেন।

তাঁর মতে, ‘মন কি বাত’ দেশের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি ভাববিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কর্মসূচিতে আরও বেশি সংখ্যক সাধারণ মানুষকে যুক্ত করার আহ্বান জানান তিনি।

Leave a Comment