প্রগতি ত্রিপুরা, ২৩ নভেম্বর, ২০২৬: নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেও টানা সাত দিন বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাতে হচ্ছে গোচামুড়া এলাকার দুই পরিবারকে। বামুটিয়া বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা যুগল মুন্ডা ও সঞ্জীব মুন্ডা। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করার দাবি জানান।
অভিযোগ অনুযায়ী, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের বামুটিয়া বিদ্যুৎ বিভাগের অধীন গোচামুড়া এলাকার বাসিন্দা যুগল মুন্ডা ও সঞ্জীব মুন্ডা নিয়মিত তাঁদের বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন। তাঁদের দাবি, কোনও বিল বকেয়া না থাকা সত্ত্বেও এলাকার অন্যান্য গ্রাহকদের বিল অনাদায়ের কারণ দেখিয়ে তাঁদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফলে গত এক সপ্তাহ ধরে বিদ্যুৎ পরিষেবা ছাড়াই চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন তাঁরা।
ভুক্তভোগীদের দাবি, বিষয়টি নিয়ে বামুটিয়া বিদ্যুৎ বিভাগের দপ্তরে যোগাযোগ করা হলে তাঁদের এলাকার অন্যান্য বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের পরামর্শ দেওয়া হয়। এমনকি সংশ্লিষ্ট গ্রাহকদের দপ্তরে নিয়ে আসার কথাও বলা হয়েছে বলে অভিযোগ। এতে ক্ষুব্ধ দুই পরিবারের প্রশ্ন, অন্য গ্রাহকদের বিল আদায় করতে না পারার দায় কেন তাঁদের উপর চাপানো হবে, যেখানে তাঁরা নিজেরা নিয়মিত বিল পরিশোধ করছেন?
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্তকে অযৌক্তিক বলে দাবি করে তাঁরা সংশ্লিষ্ট বিভাগের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি বামুটিয়া বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও তোলেন তাঁরা। তাঁদের মতে, এই ঘটনায় বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীলতা ও গ্রাহক পরিষেবা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
দুই পরিবারের আবেদন, অবিলম্বে তাঁদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হোক এবং ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখা হোক।
এখন সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ ও কর্তৃপক্ষ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।








