প্রগতি ত্রিপুরা, ২৩ নভেম্বর, ২০২৬: বিদ্যালয়ে পঠন-পাঠন চলাকালীন স্কুল চত্বরে রাজনৈতিক প্রচারের প্রস্তুতি ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। ঘটনাটি আগরতলা পুর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডের প্রাচ্য ভারতী স্কুলে। অভিযোগ, বিজেপি প্রার্থী মনি মুক্তা ভট্টাচার্যের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রবেশদ্বার ও মাঠের একাংশে দলীয় পতাকা এবং ফেস্টুন লাগানো হয়েছে। অথচ বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে লিখিত অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
নিয়ম অনুযায়ী, বিদ্যালয়ের মাঠ বা প্রাঙ্গণ রাজনৈতিক কর্মসূচির জন্য ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। কিন্তু কোনও লিখিত আবেদন ছাড়াই স্কুল চত্বরে প্রচারের সামগ্রী লাগানো হয়েছে বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাস জানান, স্কুলের দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত থাকায় তাঁর নজরে বিষয়টি আসেনি। পরে বিষয়টি জানতে পেরে তিনি সংশ্লিষ্ট এসএমসি কমিটির সেক্রেটারিকে অবহিত করেন এবং পতাকা ও ফেস্টুন সরিয়ে নেওয়ার কথা বলেন।
প্রচারসামগ্রী অপসারণের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান প্রধান শিক্ষক। বিদ্যালয় চত্বরে সভা আয়োজনের অনুমতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তা পাওয়া যাবে বলে তাঁকে জানানো হয়েছে।
এদিকে, সংশ্লিষ্ট এলাকাটি কোন ওয়ার্ডের অন্তর্গত, তা নিয়েও প্রধান শিক্ষক সংশয় প্রকাশ করেন। তাঁর বক্তব্য, এলাকাটি সম্ভবত ৩০ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
পঠন-পাঠন চলাকালীন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশে রাজনৈতিক প্রচারের প্রস্তুতি ঘিরে স্থানীয় মহলে এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিদ্যালয় চত্বরে রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে নিয়ম ও অনুমোদন যথাযথভাবে মানা হয়েছে কি না, তা নিয়েই উঠছে প্রশ্ন।








