প্রাচীন মা-ই-ত কালী ও ঐতিহ্যবাহী হটনগর কালীপুজোর অগণিত স্মৃতিকে পাথেয় করে উৎসবে মেতেছে বাঁকুড়ার সোনামুখী

কলকাতা, ৯ নভেম্বর : প্রাচীন কাল থেকেই সোনামুখী ‘কালী-কার্তিকের শহর’ হিসেবে নিজ পরিচিতি ধরে রেখেছে। ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য এখানকার কালীপুজোর খ্যাতি সর্বজনবিদিত। এই শহরে রয়েছে মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিActive স্মৃতিবাহী প্রায় ৫৫০ বছরের প্রাচীন ‘মা-ই-ত কালী’, সাড়ে চারশ বছরের ‘হটনগর কালী’ এবং নবাসনের ৩৯০ বছরের পুরোনো ‘ক্ষ্যাপাকালী’র পুজো। সোনামুখীতে টানা পাঁচ দিনব্যাপী পুজো উদযাপিত হয় এবং শেষে জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা বা কার্নিভালের মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। ছোট-বড় মিলিয়ে গোটা সোনামুখী শহরে প্রায় ২৫০টি কালীপুজোর আয়োজন করা হয়।

‘মা-ই-ত কালী’র জনশ্রুতি ও ইতিহাস

সোনামুখীর অন্যতম প্রধান আকর্ষণ হলো ‘মা-ই-ত কালী’। মানত পূরণ ও মনের ইচ্ছা কামনায় দূর-দূরান্ত থেকে নিত্যদিন অসংখ্য পুণ্যার্থী এই মন্দিরে আসেন। এই দেবীর নামকরণের পেছনে এক রোমাঞ্চকর ইতিহাস জড়িয়ে রয়েছে।

১৭৪২ খ্রিস্টাব্দে (বাংলা ১১৪৯ সাল) যখন বাংলায় বর্গী আক্রমণ তুঙ্গে, তখন মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত সদলবলে বিষ্ণুপুর হয়ে সোনামুখীতে প্রবেশ করেন। বর্গীদের আতঙ্কে সোনামুখীর সাধারণ মানুষ তখন ঘরবন্দি। প্রচলিত কথা অনুযায়ী, এক সন্ধ্যায় সেনাপতি ভাস্কর পণ্ডিত এক বৃদ্ধ সাধককে ভক্তিভরে পুজো করতে দেখে রেগে যান। তিনি খড়্গ তুলে বৃদ্ধকে আঘাত করতে গেলে আচমকাই নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন এবং অনুভব করেন যেন পেছন থেকে কেউ তাঁর অস্ত্র টেনে ধরেছে। সেনাপতি কারসাজি ভেবে প্রশ্ন করলে সহকারীরা জানান যে পেছনে কেউ নেই। এরপর সেই সাধক মন্দিরের পূত ঘটের জল ছিটিয়ে দিয়ে সেনাপতির দৃষ্টি ফিরিয়ে দেন।

বিস্মিত সেনাপতি সেখানে কোনো দৈবশক্তির অস্তিত্ব আছে কি না জানতে চাইলে বৃদ্ধ বলেন, ‘হ্যাঁ, মা কালী।’ একথা শুনে ভাস্কর পণ্ডিত আবেগাপ্লুত হয়ে চেঁচিয়ে ওঠেন, ‘মা-ই-তো কালী হ্যায়!’ সেই থেকে এই পুজোর নাম হয় ‘মা-ই-ত কালী’। এরপর সেনাপতি কাটোয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাধকের হাতে দুটি খড়্গ উপহার দিয়ে যান, যা আজ পর্যন্ত রক্ষিত আছে। বিসর্জনের ক্ষেত্রেও এখানে প্রাচীন প্রথা মেনে চলা হয়; আজও কোচডিহি গ্রাম থেকে আসা ৪২ জন বাহকের কাঁধে চেপে দেবী সোনামুখী শহর পরিক্রমা করেন এবং তারপর বিসর্জন সম্পন্ন হয়।

‘হটনগর কালী’র অলৌকিক কথা

সোনামুখীর অপর এক ঐতিহাসিক পুজো হলো ‘হটনগর কালী’। প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী, তারিণী সূত্রধর নামের এক চিঁড়ে বিক্রেতা বৃদ্ধা প্রতিদিন জঙ্গল পেরিয়ে ব্যবসা করতে যেতেন। একদিন বনের ভেতর খালের পাশে এক ছোট্ট কন্যাসন্তান তাঁর সঙ্গী হওয়ার বায়না করে। বৃদ্ধা রাজি না হওয়ায় শিশুটি অলৌকিক উপায়ে বৃদ্ধার মাথার খালি ঝুড়িতে উঠে বসে। কিন্তু আশ্চর্যজনকভাবে ঝুড়ি ভারী হওয়ার বদলে আরও হালকা হয়ে যায়।

বাড়ি ফিরে ঝুড়ি নামাতেই বৃদ্ধা দেখেন শিশুটি গায়েব হয়ে গেছে এবং তার বদলে ঝুড়ির ভেতরে পড়ে রয়েছে দুটি শিলাখণ্ড। সেদিন রাতেই বৃদ্ধা আদ্যাশক্তি কালীর স্বপ্নাদেশ পান। পরবর্তীতে সাধক হট যোগী এই শিলাখণ্ড দুটির পুজো শুরু করেন, এবং সেই সাধকের নামানুসারেই এই পুজোর নাম হয় ‘হটনগর কালী’।

মন্দিরের স্থাপত্য ও অলৌকিক আঁকড় গাছ

হটনগর কালী মন্দিরের প্রবেশদ্বারে অপূর্ব ভাস্কর্যের মাধ্যমে বৃদ্ধা তারিণীর ঝুড়িতে দেবীর আগমনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক পাশেই রয়েছে ধ্যানমগ্ন সাধক হট যোগীর মূর্তি এবং চূড়ায় শোভা পাচ্ছে মহাদেব ও বিশালাকার পদ্মফুল। প্রাচীন প্রথা মেনে আজও সূত্রধর পরিবারের সদস্যরা পুজোর ঘট আনার বিশেষ অধিকার ভোগ করেন।

এই মন্দিরের মূল বিস্ময় লুকিয়ে রয়েছে গর্ভগৃহের বাইরের এক প্রাচীন আঁকড় গাছে। কথিত আছে, দেবীর নির্দেশে যে গাছের নিচে পাথর দুটি স্থাপন করা হয়েছিল, সেটি আজও অক্ষত। সাধারণ আঁকড় গাছে অজস্র কাঁটা থাকলেও এই বিশেষ গাছটিতে কোনো কাঁটা নেই, এমনকি শত চেষ্টা করেও এই গাছের আদি শিকড়ের সন্ধান পাওয়া যায়নি। এই গাছের নিচেই সেই ৪৫০ বছরের প্রাচীন শিলাখণ্ড দুটি পুজো পায়। ভক্তদের দাবি, ঋতু পরিবর্তনের সাথে সাথে আজও এই অলৌকিক পাথর দুটির রঙের পরিবর্তন ঘটে।

Leave a Comment