পূর্ব রেলের বিশেষ উদ্যোগে আধুনিক সাজে সাজিয়ে তোলা হলো হাওড়া – কাটিহার এক্সপ্রেসকে

কলকাতা, ৯ নভেম্বর :  দীপাবলি উৎসবের মরশুমে রেলযাত্রীদের জন্য দারুণ এক উপহার নিয়ে এল পূর্ব রেল। ট্রেনের যাত্রাকে আরও উন্নত করতে ১৩০৩৩ নম্বর হাওড়া–কাটিহার এক্সপ্রেসকে আধুনিক লিঙ্কে হফম্যান বুশ (এলএইচবি) কোচে রূপান্তর করা হয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের তত্ত্বাবধানে রবিবার এই নতুন রেক নিয়ে তার প্রথম যাত্রা শুরু করে ট্রেনটি। ফলে এখন থেকে কাটিহার ও মালদহমুখী যাত্রীরা আগের চেয়ে অনেক বেশি নিরাপদ, ঝাঁকুনিহীন ও আরামদায়ক যাতায়াতের সুবিধা উপভোগ করতে পারবেন।

হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর জানান, যাত্রী পরিষেবাকে আধুনিক করে তোলার ক্ষেত্রে এই পদক্ষেপ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রযুক্তিসম্পন্ন এই নতুন কোচগুলি নিঃসন্দেহে ভ্রমণের মান এবং স্বাচ্ছন্দ্য বহুগুণ বাড়িয়ে দেবে। দীপাবলি উপলক্ষে রেলের এই প্রচেষ্টা যাত্রীদের প্রতি এক বিশেষ উপহারস্বরূপ।

অন্যদিকে, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন যে, ট্রেনযাত্রাকে আরও দ্রুত, নিরাপদ ও সুখের করে তুলতে রেল কর্তৃপক্ষের এই ধরনের আধুনিকীকরণ প্রক্রিয়া আগামী দিনেও অব্যাহত থাকবে। সেই সঙ্গে হাওড়া ডিভিশনের পক্ষ থেকেও সমস্ত যাত্রীকে দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানানো হয়েছে।

Leave a Comment