প্রগতি ত্রিপুরা, ৩০ অক্টোবর, ২০২৬: অবশিষ্ট ৭৩৬ জন টেট-২ উত্তীর্ণ চাকরিপ্রার্থীর অবিলম্বে নিয়োগের দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠল শিক্ষা ভবন চত্বর। শুক্রবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ আন্দোলনে শামিল হন টেট-২ উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। আন্দোলনকারীদের সরিয়ে নিয়ে যেতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়। এই ঘটনায় কয়েকজন চাকরিপ্রার্থী আহত হন বলে জানা গেছে। পরবর্তী সময়ে পুলিশ আন্দোলনকারীদের আটক করে অরুন্ধতীনগর পুলিশ লাইনের মাঠে নিয়ে যায়।
আন্দোলনকারীদের দাবি, টেট-২ পরীক্ষায় উত্তীর্ণ সকল চাকরিপ্রার্থীকে নিয়োগ করতে হবে। সম্প্রতি সরকার সাত শতাধিক চাকরিপ্রার্থীর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলেও এখনও ৭৩৬ জন উত্তীর্ণ চাকরিপ্রার্থী নিয়োগের অপেক্ষায় রয়েছেন। তাঁদের অবিলম্বে নিয়োগের প্রক্রিয়া শুরু করার দাবি জানান বিক্ষোভকারীরা।
এদিন শিক্ষা ভবনের সামনে আন্দোলন শুরু হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ, ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট (ডিসিএম) এবং পশ্চিম থানার পুলিশ বাহিনী। পুলিশ আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানায়। কিন্তু নিয়োগের সুনির্দিষ্ট ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করতে রাজি হননি চাকরিপ্রার্থীরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, অবশিষ্ট ৭৩৬ জনের নিয়োগের বিষয়ে সরকার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত আন্দোলনকারীদের আটক করে অস্থায়ী পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ। সেই সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়। টানাহেঁচড়ার ঘটনায় কয়েকজন চাকরিপ্রার্থী সামান্য আহত হন বলে জানা গেছে।
এদিকে, আটক করার সময় এক গৃহবধূ চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন। পুলিশের গাড়িতে ওঠার পর তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতি বুঝে দ্রুত তাঁকে গাড়ি থেকে নামিয়ে আইজিএম হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়েও বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। কয়েকজন আন্দোলনকারীর দাবি, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, ঘটনাস্থলের পরিস্থিতিতে পুলিশের তরফে অতিরিক্ত বলপ্রয়োগের স্পষ্ট চিত্র দেখা যায়নি বলে প্রত্যক্ষদর্শীদের একাংশের বক্তব্য।
পরবর্তী সময়ে আটক আন্দোলনকারীদের অরুন্ধতীনগর পুলিশ লাইনের মাঠে নিয়ে যাওয়া হয়। অবশিষ্ট ৭৩৬ জন টেট-২ উত্তীর্ণের ভবিষ্যৎ নিয়োগ নিয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্ত কী হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন চাকরিপ্রার্থীরা।








