আগাম পদত্যাগের ঘোষণা ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লাগার্দের

আন্তর্জাতিক ডেস্ক, ৩০ অক্টোবর, ২০২৬: : ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। বৃহস্পতিবার তিনি জানান, মুদ্রানীতির বাইরেও বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশের সুযোগ পেতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৭ ফেব্রুয়ারি তিনি দায়িত্ব ছাড়বেন। অথচ তাঁর কার্যকালের মেয়াদ ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত ছিল।

লাগার্দের এই সিদ্ধান্তের ফলে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান নেতাদের হাতে তাঁর উত্তরসূরি নির্বাচনের জন্য অতিরিক্ত সময় থাকছে। বিশেষ করে আগামী বছর ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এই পদত্যাগের সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের নির্বাচনী রাজনীতিতে দক্ষিণপন্থী নেত্রী মেরিন লে পেনের ন্যাশনাল র‍্যালি দলের অবস্থানও এই প্রেক্ষাপটে আলোচনায় উঠে এসেছে।

ইউরোপে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং রাজনৈতিক বিভাজন বাড়তে থাকার মধ্যেই লাগার্দের এই ঘোষণা এল। গত কয়েক মাস ধরেই তাঁর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চলছিল। বৃহস্পতিবার ইসিবির সুদের হার সংক্রান্ত বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান তিনি। ওই বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জ্বালানির উচ্চ ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করে ডিসেম্বর মাসে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও বজায় রেখেছে ব্যাংকটি।

আগে মুদ্রাস্ফীতির চাপ থাকা অবস্থায় ইসিবি ছেড়ে যেতে পারবেন না বলে মন্তব্য করেছিলেন লাগার্দে। এবার আগাম পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, তাঁর বর্তমান পদের সঙ্গে যুক্ত নিরপেক্ষতার শর্তের কারণে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রকাশ্যে কথা বলা সম্ভব হচ্ছে না।

ইসিবির সাংবাদিক সম্মেলনে লাগার্দে বলেন, “আমি মনে করি না যে আমি নিরপেক্ষ থাকতে পারব। বর্তমান পরিস্থিতিতে এই নিরপেক্ষতা বজায় রেখে আমি স্বস্তি বোধ করছি না।” তিনি আরও বলেন, সত্যের প্রতি তাঁর আগ্রহ রয়েছে, অথচ অনেক ক্ষেত্রেই ভুল উপস্থাপনা ও বিকৃতির মাধ্যমে সত্যকে আড়াল করা হচ্ছে।

দুই দিনের নীতিগত বৈঠক শেষ হওয়ার পর সহকর্মীদের নিজের সিদ্ধান্তের কথা জানান লাগার্দে। বৈঠকে উপস্থিত একটি সূত্রের দাবি, পদত্যাগের বার্তা পড়ার সময় কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তবে কোন কোন বিষয়ে তিনি প্রকাশ্যে নিজের মতামত জানাতে চান, তা স্পষ্ট করেননি। ফ্রান্সের নির্বাচনের আগে উত্তরসূরি নির্বাচনের সুযোগ করে দিতেই তিনি আগাম পদত্যাগ করেছেন কি না, সেই প্রশ্নেরও সরাসরি উত্তর দেননি।

লাগার্দের সিদ্ধান্তে রাজনৈতিক প্রতিক্রিয়া

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, যিনি ইসিবির পরবর্তী প্রধান নির্বাচনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, লাগার্দের অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সমন্বয় রেখে সুশৃঙ্খলভাবে উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে, মেরিন লে পেনের ন্যাশনাল র‍্যালি দলের প্রতিনিধিরা লাগার্দের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। দলের অর্থনৈতিক নীতির খসড়া তৈরির দায়িত্বে থাকা জ্যঁ-ফিলিপ তাঙ্গি অভিযোগ করেন, এই পদক্ষেপ আইনের শাসনের প্রতি অবজ্ঞার ইঙ্গিত বহন করে। তাঁর কথায়, এমন সিদ্ধান্ত তাঁদের প্রতি আরও একটি অপমান।

লে পেন আগে থেকেই ইসিবির ভূমিকা নিয়ে আলোচনার দাবি জানিয়ে আসছেন। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ফ্রান্সের সুদের বোঝা কমাতে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের বিষয়টি বিবেচনা করতে চান বলেও জানিয়েছেন।

জার্মানির ইউরোপীয় পার্লামেন্ট সদস্য মার্কুস ফেরবারও লাগার্দের আগাম পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, উচ্চ মূল্যস্ফীতি, বন্ড বাজারের অস্থিরতা এবং আসন্ন নির্বাচনগুলির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত ভুল বার্তা দিতে পারে। তিনি সতর্ক করে বলেন, যদি মনে হয় জাতীয় নির্বাচনের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদত্যাগ করা হয়েছে, তাহলে রাজনৈতিক হিসাব-নিকাশের ঊর্ধ্বে থাকা একটি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা জানিয়েছেন, লাগার্দের উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।

উত্তরসূরি নির্বাচন ঘিরে আলোচনা

লাগার্দের উত্তরসূরি নির্বাচনের পাশাপাশি ইসিবির শীর্ষ পদগুলিতে আরও কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ইসিবির এক্সিকিউটিভ বোর্ডের সদস্য ইসাবেল শ্নাবেল আগামী জানুয়ারির শুরুতে দায়িত্ব ছাড়বেন। অন্যদিকে, প্রধান অর্থনীতিবিদ ফিলিপ লেনের কার্যকাল আগামী মে মাসে শেষ হওয়ার কথা। ফলে একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগের বিষয়টি একসঙ্গে বিবেচিত হতে পারে।

নেদারল্যান্ডসের প্রাক্তন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ক্লাস নট এবং স্পেনের প্রাক্তন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর পাবলো হার্নান্দেজ দে কোসকে লাগার্দের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রাখা হচ্ছে।

ডানস্কে ব্যাংকের অর্থনীতিবিদ পিয়েট হেইনস ক্রিশ্চিয়ানসেনের মতে, আলোচনায় থাকা সম্ভাব্য উত্তরসূরিরা অভিজ্ঞ কেন্দ্রীয় ব্যাংকার। ফলে তাঁদের মধ্যে যিনিই দায়িত্ব নিন, আর্থিক বাজারে বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা কম।

লাগার্দের পদত্যাগের ঘোষণার পর আন্তর্জাতিক আর্থিক বাজারেও তেমন উল্লেখযোগ্য প্রতিক্রিয়া দেখা যায়নি। গোল্ডম্যান স্যাকসের ফিক্সড ইনকাম ম্যাক্রো ইনভেস্টিং বিভাগের প্রধান সাইমন ড্যাঙ্গুরের মতে, ইসিবি এখন একটি প্রতিষ্ঠিত সংস্থা। এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম কোনও একজন প্রধানের পরিবর্তনের চেয়েও দীর্ঘস্থায়ী হতে পারে।

গত কয়েক মাস ধরেই লাগার্দের আগাম পদত্যাগ নিয়ে জল্পনা চলছিল। বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) তিনি নতুন দায়িত্ব নিতে পারেন বলেও আলোচনা ছিল। তবে এ বিষয়ে ডব্লিউইএফ কোনও মন্তব্য করতে চায়নি।

লাগার্দের এই সিদ্ধান্তের পর এখন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী নেতৃত্ব নির্বাচন এবং ইউরোপের আর্থিক নীতিতে তার সম্ভাব্য প্রভাবের দিকেই নজর আন্তর্জাতিক মহলের।

Leave a Comment