পানীয় জলের দাবিতে ২০৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ, সাইকাবাড়িতে চরম দুর্ভোগে যাত্রীরা

প্রগতি ত্রিপুরা, ৩০ অক্টোবর, ২০২৬: দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন এলাকার বাসিন্দারা। বারবার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত শুক্রবার সকালে ২০৮ নম্বর বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন সাইকাবাড়ি এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অবরোধের জেরে সড়কের দু’পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকে পড়েন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় এবং ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মফস্বর আলীও।

জানা যায়, কৈলাশহর থেকে কমলপুর হয়ে আগরতলা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের ৪৬ নম্বর সুরমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাইকাবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা চলছে। এলাকাবাসীর অভিযোগ, গত প্রায় তিন মাস ধরে তাঁরা নিয়মিত পানীয় জল পাচ্ছেন না। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে বাধ্য হয়েই শুক্রবার ভোর পাঁচটা থেকে তাঁরা পথ অবরোধ শুরু করেন।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কমলপুরের মহকুমা শাসক, বিডিও, ডিডব্লিউএস দপ্তরের এসডিও ও অন্যান্য আধিকারিকরা। উপস্থিত হন মহকুমা পুলিশ আধিকারিকসহ প্রশাসনের অন্যান্য প্রতিনিধিরাও। অবরোধকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেও দীর্ঘক্ষণ সমস্যার সমাধান করা সম্ভব হয়নি।

এদিকে অবরোধের জেরে চরম দুর্ভোগের মুখে পড়েন সাধারণ যাত্রীরা। রাস্তার দু’দিকে পাঁচ থেকে সাত কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় বলে যাত্রীদের দাবি। যাত্রীবাহী বাস, ছোট গাড়ি, সরকারি যানবাহন এবং জরুরি পরিষেবার গাড়িও আটকে পড়ে। এমনকি অ্যাম্বুল্যান্স আটকে যাওয়ায় রোগীদের চিকিৎসা পরিষেবা নিয়েও উদ্বেগ দেখা দেয়।

আটকে পড়া এক যাত্রী বীরেন্দ্র দেবনাথ, যাঁর বাড়ি পানিসাগরে, ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁরা সকাল সাতটা থেকে রাস্তায় আটকে রয়েছেন। বেলা প্রায় সাড়ে দশটা বাজলেও যান চলাচল স্বাভাবিক হয়নি। তাঁর বক্তব্য, পানীয় জলের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসন আলোচনা করুক, কিন্তু সাধারণ যাত্রী ও রোগীদের কেন এই দুর্ভোগের শিকার হতে হবে? প্রশাসনের উচিত দ্রুত রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা। প্রয়োজনে অবরোধকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।

যাত্রীদের আরও অভিযোগ, প্রচণ্ড রোদে দীর্ঘক্ষণ আটকে থাকলেও পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। বাসভর্তি যাত্রীদের পাশাপাশি অফিসযাত্রী, বহিঃরাজ্য থেকে বিমানে যাতায়াতকারী যাত্রী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজনও চরম সমস্যায় পড়েন।

শেষ পর্যন্ত মন্ত্রী টিঙ্কু রায়সহ প্রশাসনিক আধিকারিকদের আশ্বাস ও আলোচনার পর অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এলাকাবাসীর দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা আদৌ কত দ্রুত সমাধান হয়, এখন সেটাই দেখার। অন্যদিকে, সাধারণ মানুষের ন্যায্য দাবির আন্দোলনের জেরে যাতে রোগী, যাত্রী ও জরুরি পরিষেবা বিঘ্নিত না হয়, সে বিষয়ে প্রশাসনের আরও কার্যকর ভূমিকার দাবি উঠেছে।

Leave a Comment