আইজির গাড়ি ভাঙচুরের ঘটনায় আরও চারজন গ্রেপ্তার

প্রগতি ত্রিপুরা, ৩০ অক্টোবর, ২০২৬: এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণার দিন রাজ্যের আইজির সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় তদন্তে বড়সড় অগ্রগতি পেল যাত্রাপুর থানার পুলিশ। দীর্ঘ বিরতির পর ফের অভিযান চালিয়ে আরও চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে ওই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে বিলোনিয়া থানায় সরকারি আধিকারিকের গাড়ি ভাঙচুরের ঘটনায় একটি মামলা রুজু হয়। ওই ঘটনার তদন্ত চলাকালীন বৃহস্পতিবার সকালে চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ধৃতদের মধ্যে রয়েছেন থলি বাড়ি এডিসি ভিলেজের বাসিন্দা ৩০ বছর বয়সি চন্দ্র মানিক ত্রিপুরা। অপর তিনজন হলেন মনাই পাথর এডিসি ভিলেজের বাসিন্দা কিশোর মানিক ত্রিপুরা, হৃদয় কুমার ত্রিপুরা এবং ধনঞ্জয় নোয়াতিয়া।

উল্লেখ্য, এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থলি বাড়ি এলাকায় রাজ্যের আইজির সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের লক্ষ্যে যাত্রাপুর থানার পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে আসছে। এর আগে তিন দফায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ চারজনকে গ্রেপ্তারের ফলে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১১।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় আরও কয়েকজনের নাম তদন্তে উঠে এসেছে। তাঁদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্তদের কাউকেই রেয়াত করা হবে না বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, ধৃত চারজনকে বৃহস্পতিবারই আদালতে পেশ করা হবে। সরকারি আধিকারিকের গাড়ি ভাঙচুরের ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত চালানো হচ্ছে। বাকি অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে।

Leave a Comment