আর্থিক সংকটে বেতাগা পালপাড়ার মৃৎ শিল্পীরা, দীপাবলির আগেও জ্বলছে না স্বস্তির আলো!!

প্রগতি ত্রিপুরা, ৩০ অক্টোবর, ২০২৬: মাটির সঙ্গে তাঁদের হৃদ্যতা। সেই মাটিকে হাতের ছোঁয়ায় কখনও পাতিল, কখনও প্রদীপ, কখনও ধূপদানী আবার কখনও পিঠার খোলায় রূপ দেন তারা। বংশপরম্পরায় চলে আসা এই শিল্পই তাঁদের জীবিকা, এই শিল্পই তাঁদের পরিচয়। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উৎপাদন খরচ, শ্রমিকের মজুরি ও কাঁচামালের দাম।অন্যদিকে কমছে বিক্রির সুযোগ। আলোর উৎসব দীপাবলি হাতেগোনা আর কয়েকদিন বাকি।

ফলে ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে গিয়ে প্রতিনিয়ত আর্থিক সংকটের সঙ্গে লড়াই করতে হচ্ছে শান্তিরবাজার মহকুমার বেতাগা পালপাড়ার মৃৎশিল্পীদের।একসময় মাটির তৈরি সামগ্রী ছিল মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।সময়ের পরিবর্তনে বাজারে এসেছে নানা ধরনের বিকল্প সামগ্রী। তবুও মাটির তৈরি জিনিসের কদর ধরে রাখতে আজও নিরলস পরিশ্রম করে চলেছেন দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বেতাগা পালপাড়ার শিল্পীরা।

মাটির পাতিল, ছোট-বড় ধূপদানী, প্রদীপ, পিঠার খোলা, কলসি-সহ বিভিন্ন সামগ্রী তৈরি করেন তাঁরা। কিন্তু এই শিল্পের পেছনে যে পরিমাণ শ্রম, সময় ও অর্থ ব্যয় হয়, তার তুলনায় উপার্জন অনেকটাই সীমিত বলে জানান এলাকার মৃৎশিল্পীরা।শুধু মাটি পেলেই যে মাটির সামগ্রী তৈরি করা যায়, তা নয়।এর জন্য প্রয়োজন নির্দিষ্ট মানের মাটি, খড় এবং অন্যান্য উপকরণ। সবকিছুই কিনতে হয়। উৎপাদনের কাজে শ্রমিক রাখতে হয়। দিন দিন শ্রমিকের মজুরি বাড়ছে।ফলে প্রতিটি সামগ্রী তৈরির খরচও বেড়ে যাচ্ছে দিন দিন।

অথচ সেই অনুযায়ী বাজারে দাম পাওয়া যাচ্ছে না। পর্যাপ্ত পুঁজি না থাকায় অনেক সময় বিভিন্ন জায়গা থেকে ঋণ সংগ্রহ করে কাজ চালাতে হচ্ছে শিল্পীদের। একদিকে নতুন করে ঋণের বোঝা,অন্যদিকে পুরনো ঋণ শোধের চিন্তা এই দুইয়ের মধ্যে আটকে রয়েছে তাঁদের জীবন।বেতাগা পালপাড়ার প্রবীণ মৃৎশিল্পী মীনা রুদ্রপালের জীবনেও প্রতিদিনের বাস্তবতা এটাই। পুত্রবধূকে সঙ্গে নিয়ে বাড়িতেই মাটির সামগ্রী তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। তাঁর পুত্রবধূরও এই শিল্পে রয়েছে বিশেষ দক্ষতা।

দীর্ঘ ২০ বছর ধরে চলে আসা এই পেশার সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁদের পরিবারের আবেগ ও পরিচয়। সরকারি সহায়তা না মেলায় নিজেদের উদ্যোগেই ঋণ নিয়ে শিল্পকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন তারা। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় নিজেদের উদ্যোগে আধুনিক যন্ত্রপাতি কেনা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। উৎসবের মরশুমেও মিলছে না প্রত্যাশিত সাফল্য। এই শিল্প তাদের কাছে শুধুমাত্র অর্থ উপার্জনের মাধ্যম নয়, এটি পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া এক ঐতিহ্য।সেই ঐতিহ্য পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়ার ইচ্ছাও রয়েছে।

কিন্তু প্রশ্ন উঠছে, আর্থিক নিরাপত্তা না থাকলে কতদিন এই লড়াই চালিয়ে যাওয়া সম্ভব?শিল্পীদের আরও দাবি,আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবস্থা করা হলে মাটির সামগ্রী তৈরির কাজ অনেক সহজ হতো। কম সময়ে বেশি সামগ্রী তৈরি করা যেত। পরিশ্রম কমার পাশাপাশি উৎপাদনের মানও উন্নত করা সম্ভব হতো। এভাবেই একদিকে বাজারের প্রতিযোগিতা, অন্যদিকে পুঁজির অভাব, ঋণের বোঝা এবং সরকারি সহায়তার অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে বেতাগা পালপাড়ার মৃৎশিল্পীদের। তাঁদের হাতে এখনও মাটির স্পর্শে তৈরি হচ্ছে নানা সামগ্রী, কিন্তু সেই শিল্পীদের জীবনেই যেন স্বস্তির প্রদীপ জ্বলছে না। প্রশ্ন একটাই, মাটির এই প্রাচীন শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রশাসন আর কতদিন অপেক্ষা করবে? নাকি আর্থিক সংকটের চাপে একদিন হারিয়ে যাবে বংশপরম্পরায় চলে আসা এই ঐতিহ্য?

Leave a Comment