প্রয়াত সংগীত পরিচালক দেবা, শেষ শ্রদ্ধা রজনীকান্তের

বিনোদন, ১৭ অক্টোবর: প্রয়াত হলেন প্রবীণ তামিল সংগীত পরিচালক ও গায়ক দেবনেসন চক্কলিঙ্গম, যিনি ‘দেবা’ এবং ‘থেনিসাই থেন্দ্রাল’ নামে পরিচিত ছিলেন। শনিবার চেন্নাইয়ে ৭৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। প্রায় চার দশকের সংগীতজীবনে দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষার ৪০০-রও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। চেন্নাইয়ের জনপ্রিয় গানা সংগীতধারাকে মূলধারার চলচ্চিত্রে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

১৯৫০ সালের ২০ নভেম্বর জন্ম দেবার। ধনরাজ মাস্টারের কাছে পিয়ানো এবং জে বি কৃষ্ণের কাছে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের তালিম নেন তিনি। ১৯৮৬ সালে ‘মাট্টুকারা মান্নারু’ ছবির মাধ্যমে তামিল চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ। পরে ‘মানাসুক্কেথা মহারাসা’, ‘বৈগাসি পোরান্থাচু’, ‘আন্নামালাই’, ‘বাশা’ ও ‘অরুণাচলম’-এর মতো ছবিতে তাঁর সংগীত জনপ্রিয়তা পায়। তামিলের পাশাপাশি তেলুগু, কন্নড় ও মালয়ালম ছবিতেও কাজ করেছেন তিনি।

দেবার প্রয়াণে শোক প্রকাশ করেছেন দক্ষিণী চলচ্চিত্র জগতের একাধিক তারকা। অভিনেতা কার্তি তাঁর সুর, প্রাণশক্তি এবং চেন্নাইয়ের গানা সংগীতে অবদানের কথা স্মরণ করে পরিবারের প্রতি সমবেদনা জানান। সংগীত পরিচালক স্যাম সি এস-ও দেবার কালজয়ী গান ও তামিল সংগীতকে সমৃদ্ধ করার অবদানের কথা উল্লেখ করে শ্রদ্ধা জানান।

প্রয়াত সংগীত পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে যান সুপারস্টার রজনীকান্ত। ‘আন্নামালাই’ (১৯৯২), ‘বাশা’ (১৯৯৫) এবং ‘অরুণাচলম’ (১৯৯৭)-এর মতো ছবিতে রজনীকান্তের সঙ্গে কাজ করেছিলেন দেবা।

সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে তামিলনাড়ু সরকারের ‘কলাইমামানি’ সম্মান এবং রাজ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। কন্নড় ছবি ‘অমৃতবর্ষিণী’-র জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পান। তাঁর প্রয়াণে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সংগীতজগতে এক বর্ণময় অধ্যায়ের অবসান হল।

Leave a Comment