বেহাল সড়কে চরম দুর্ভোগে যাত্রী ও চালকেরা

প্রগতি ত্রিপুরা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬: টানা বর্ষণ ও দীর্ঘদিনের অবহেলায় বেহাল হয়ে পড়েছে কুমারঘাট-পেঁচারথল জাতীয় সড়ক। পিচ ও খোয়া উঠে গিয়ে পুরো সড়ক জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত এবং গভীর খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই সড়কে জমছে হাঁটুসমান কাদা, যার ফলে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে এই পথ।

ছোট গাড়ি থেকে শুরু করে পণ্যবাহী ট্রাক, অটো এবং যাত্রীবাহী বাস চরম ঝুঁকি নিয়ে এই পিচ্ছিল ও কাদাময় রাস্তা পারাপার করছে। একটু এদিক-ওদিক হলেই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে দুই চাকা ও চার চাকার যানবাহনকে। কাদা ছিটকে পথচারীদেরও পড়তে হচ্ছে চরম বিপাকে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ভারী যান চলাচলের কারণে রাস্তাটির অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে। স্কুলপড়ুয়া শিক্ষার্থী, রোগী ও দৈনন্দিন যাত্রীদের যাতায়াতে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত এই বেহাল সড়ক সংস্কার করে সাধারণ মানুষের যাতায়াত নিরাপদ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও চালকেরা।

Leave a Comment