প্রগতি ত্রিপুরা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে থাকার অভিযোগে সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ করলেন বেজিমারা ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বুধবার সকাল ১০টা নাগাদ শুরু হওয়া এই অবরোধ প্রায় এক ঘণ্টা ধরে চলে।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় এক বছর ধরে এলাকার বৈদ্যুতিক ট্রান্সফরমারটি বিকল হয়ে রয়েছে। জোড়াতালি দিয়ে কোনওরকমে বিদ্যুৎ পরিষেবা চালু রাখা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাঁদের।
ট্রান্সফরমার দ্রুত মেরামত ও স্থায়ী বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করার দাবিতে এদিন সকাল ১০টা থেকে সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের ফলে সড়কে যান চলাচল ব্যাহত হয়। সমস্যায় পড়েন অফিসযাত্রী, পথচারী, স্কুল পড়ুয়া এবং রোগীর আত্মীয়-পরিজনরা।
পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস-চেয়ারম্যান শাহজান মিয়া এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। তিনি একদিনের মধ্যে ট্রান্সফরমার মেরামতের আশ্বাস দেন। তাঁর আশ্বাসের পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।








