প্রগতি ত্রিপুরা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬: চাকরিপ্রার্থীদের বিভিন্ন দাবি এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সোনামুড়ায় ছয় ঘণ্টার গণ অবস্থান কর্মসূচি পালন করল জেলা যুব কংগ্রেস। বুধবার সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে চাকরিপ্রার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরা হয়।
আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা PRTC বাধ্যতামূলক করা, TET-1 ও TET-2 উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের দ্রুত নিয়োগ এবং বর্তমান নিয়োগ নীতির অপব্যবহার বন্ধ করা।
যুব কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, রাজ্যে কর্মসংস্থান ও নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার কারণে বহু যোগ্য প্রার্থী সমস্যার মুখে পড়ছেন। তাঁদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রেখে দ্রুত শূন্যপদ পূরণের উদ্যোগ নিতে হবে।
এদিনের কর্মসূচি থেকে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবিগুলি দ্রুত কার্যকর করার বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
কর্মসূচিকে কেন্দ্র করে সোনামুড়ায় যুব কংগ্রেসের কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।








