মহালয়ার পূর্ণ তিথিতে আগরতলায় অল ইন্ডিয়া ওপেন হাফ ম্যারাথন

প্রগতি ত্রিপুরা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬: দুর্গোৎসবের প্রাক্কালে মহালয়ার পূর্ণ তিথিতে আগরতলায় আয়োজিত হতে চলেছে অল ইন্ডিয়া ওপেন হাউস ম্যারাথন। আগামী ১০ অক্টোবর, রবিবার, আগরতলা এগিয়ে চলো সংঘের উদ্যোগে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় পুরুষদের জন্য ২১.০৯৭৫ কিলোমিটার এবং মহিলাদের জন্য ১০ কিলোমিটার দৌড়ের আয়োজন থাকবে। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা এই ম্যারাথনে অংশ নিতে পারবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে নির্ধারিত পুরস্কার প্রদান করা হবে। প্রথম স্থানাধিকারী পাবেন ১৫ হাজার টাকা, দ্বিতীয় ১২ হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারী পাবেন ১০ হাজার টাকা। এছাড়াও চতুর্থ থেকে দশম স্থানাধিকারীদের জন্য যথাক্রমে ৮ হাজার, ৭ হাজার, ৬ হাজার, ৫ হাজার, ৪ হাজার, ৩ হাজার এবং ২ হাজার টাকা পুরস্কার রাখা হয়েছে।

দুর্গোৎসবের আবহে এই ম্যারাথনকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। আয়োজকদের আশা, রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হবে।

Leave a Comment