উত্তর ত্রিপুরায় বড় সাফল্য; যৌথ অভিযানে প্রায় ৪০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

প্রগতি ত্রিপুরা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬: উত্তর ত্রিপুরা জেলায় মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। উত্তর ত্রিপুরা পুলিশ, ২৮ আসাম রাইফেলস এবং ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)-এর যৌথ অভিযানে একটি কন্টেইনার ট্রাক থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে যে আসামের দিক থেকে একটি নির্দিষ্ট নম্বরের ট্রাকে করে মাদক পাচার করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল নাকা চেকিং শুরু করে। পরে সন্দেহভাজন ট্রাকটির গতিবিধির উপর নজরদারি চালিয়ে সেটিকে আটক করা হয়।

অভিযানকারী দলের দাবি, ট্রাকে তল্লাশি চালিয়ে ক্যাবিনের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা প্রায় ৫ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের মোট ওজন প্রায় ৫০ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা বলে প্রাথমিকভাবে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, মাদকবোঝাই ট্রাকটি আসামের দিক থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। ধৃত ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারের সঙ্গে আর কারা জড়িত এবং চালানটির গন্তব্য কোথায় ছিল, তা জানার চেষ্টা চলছে।

ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। ধৃতকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

Leave a Comment