ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে রণক্ষেত্র পদ্মপুর অফিসটিলা পয়েন্ট; সংঘর্ষে আহত তিন

প্রগতি ত্রিপুরা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬: ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পদ্মপুর অফিসটিলা পয়েন্ট সংলগ্ন এলাকা। পূর্ব শত্রুতা ও ব্যবসার হিসাব নিকাশকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষে তিন যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে আহতরা ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত যুবকরা হলেন— সৌরভ দেবনাথ, জয়ব্রত দেবনাথ এবং অভিজিৎ আচার্যি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি ব্যবসায়িক বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ টানাপোড়েন চলছিল। ঘটনার দিন সেই বিরোধ চরমে পৌঁছায়। আহতদের অভিযোগ, ব্যবসা সংক্রান্ত বচসার জেরে নিতু চন্দ, জয়দীপ চন্দ, মনিদীপ চন্দ এবং তাদের দোকানের এক কর্মচারী পরিকল্পিতভাবে তাদের ওপর চড়াও হন। প্রথমে কথা কাটাকাটি শুরু হলেও মুহূর্তের মধ্যে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়, যার ফলে তিনজনই গুরুতর জখম হন।

এই আকস্মিক হামলায় পদ্মপুর অফিসটিলা পয়েন্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত যুবকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সুস্থ হয়েই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্তের পর বিস্তারিত তথ্য সামনে আসবে বলে জানিয়েছে প্রশাসন।

Leave a Comment