প্রগতি ত্রিপুরা, ০৬ সেপ্টেম্বর, ২০২৬: রবিবার দুপুরে উদয়পুরের ঐতিহাসিক জগন্নাথ দীঘিতে গোসল করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হলো ১৬ বছর বয়সী এক কিশোরের। মৃত ছাত্রের নাম দেবজিৎ দে (১৬)। সে স্থানীয় পোল্ট্রি রোড এলাকার বাসিন্দা এবং দশম শ্রেণির পড়ুয়া ছিল। এই আকস্মিক ও হৃদয়বিদারক ঘটনায় সমগ্র পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর তিনটে নাগাদ দেবজিৎ তার কয়েকজন বন্ধুর সাথে জগন্নাথ দীঘিতে স্নান করতে যায়। স্নান করার সময় আচমকাই সে দীঘির গভীর জলে তলিয়ে যেতে থাকে। সহপাঠীরা বিষয়টি প্রত্যক্ষ করে চিৎকার শুরু করলে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত দীঘির পাড়ে ভিড় জমান।
তাত্ক্ষণিকভাবে উদয়পুর মহকুমা প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, ‘আপদা মিত্র’-র সদস্য এবং দমকল বিভাগে খবর দেওয়া হয়। খবর পেয়ে সমস্ত উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রায় এক ঘণ্টার নিরলস তল্লাশির পর দীঘির নিচ থেকে দেবজিতের সংজ্ঞাহীন দেহটি উদ্ধার করা সম্ভব হয়।
দমকল বাহিনীর কর্মীরা তাঁকে উদ্ধার করে অবিলম্বে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর কিশোরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ হাসপাতালে পৌঁছায় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তদন্ত শুরু করেছে। কীভাবে সে দীঘির অতল জলে তলিয়ে গেল বা স্নানের সময় কোনো দুর্ঘটনা ঘটেছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ দেবজিতের পরিবার-পরিজন।








