প্রগতি ত্রিপুরা, ০৫ সেপ্টেম্বর, ২০২৬: মহান শিক্ষাবিদ তথা ভারতের প্রাতঃস্মরণীয় প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৯তম জন্মজয়ন্তীকে শ্রদ্ধা জানিয়ে উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে আয়োজিত হলো ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান। শনিবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
এদিন ড. রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা ঘটে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী ছাড়াও মঞ্চ আলোকময় করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার ও উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার। সভার মূখ্য বক্তা হিসেবে শিক্ষা ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে মূল্যবান বক্তব্য পেশ করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জয়ন্তী মাহাতো।
শিক্ষা প্রসারে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ এদিনের মঞ্চ থেকে উদয়পুর মহকুমার ৮২ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বিশেষ কৃতিত্ব ও নিষ্ঠার জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক কাজল কান্তি পালের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, একটি দেশের আসল শক্তি তার মানবোন্নয়নে, আর সেই সুনাগরিক ও নিখাদ মানবসম্পদ গড়ে তোলার পরম দায়িত্ব বহন করেন শিক্ষকরাই। শক্তিশালী ও উন্নত রাষ্ট্র গঠনে আধুনিক শিক্ষার বিকল্প নেই বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পীদের মনোগ্ৰাহী সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে উদযাপনী সন্ধ্যার সমাপ্তি ঘটে।








