প্রগতি ত্রিপুরা, ০১ সেপ্টেম্বর, ২০২৬: নির্বাচন ঘোষণা হতেই রাজ্যে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। রাজ্য এডিসি বা আসন্ন নির্বাচন প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা সাফ জানিয়ে দিলেন, জোটের নীতি ও নিয়ম মেনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পক্ষে রাজ্য সরকার ও দল।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, “আমার কাছে পাওয়া তথ্য অনুযায়ী আগামীকালই একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। সেখানে আমাদের পূর্বনির্ধারিত নিয়ম অনুসারে সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।” তিনি আরও জানান, রাতের মধ্যেই এই বৈঠকের চূড়ান্ত সময় ও নিশ্চিতকরণ চলে আসবে।
নির্বাচন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা তো চেয়েইছিলাম যেন সঠিক সময়ে নির্বাচন হয়। নির্বাচন কমিশনের তরফে ১৯ তারিখ থেকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার যে খবর পাওয়া গেছে, তাকে আমরা স্বাগত জানাই। গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া বজায় রাখতে নির্বাচন অত্যন্ত প্রয়োজনীয় ও বাঞ্ছনীয়।
জোটসঙ্গী টিপরা মোথার সাথে যৌথভাবে লড়াইয়ের বিষয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, “টিপরা মোথার সঙ্গে আমাদের প্রতিনিয়ত কথাবার্তা ও আলোচনা চলছে। আমরা আশা করছি যে জোটের অন্যতম অংশীদার হিসেবে আগামী দিনেও আমরা একসাথে মিলেই নির্বাচনে লড়ব।”
তবে আসন সমঝোতা বা চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে তিনি এখনই খোলামেলা মন্তব্য করতে চাননি। তিনি জানান, যতক্ষণ না সমস্ত কিছু চূড়ান্ত বা ‘কনফার্ম’ হচ্ছে, ততক্ষণ পুরো বিষয়টি প্রকাশ্যে আনা সম্ভব নয়। সব সিদ্ধান্ত চূড়ান্ত হলে সংবাদমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে তা জানিয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।







