প্রগতি ত্রিপুরা, ০১ সেপ্টেম্বর, ২০২৬: ভিলেজ কাউন্সিল নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আসন্ন নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণে মাঠে নেমে পড়েছে তিপ্রামথা দলও।
মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমার অধিন তিনটি ব্লক এলাকায় তিপ্রামথা দলের নেতা-কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে মিলিত হন ১১ মহারানী কেন্দ্রের এমডিসি উৎপল দেববর্মা। এদিনের পৃথক তিনটি ব্লক এলাকায় মুঙ্গিয়াকামি, তেলিয়ামুড়া ও কল্যাণপুর ব্লক এলাকার দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বৈঠকে আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক অবস্থান, নির্বাচনী প্রস্তুতি এবং ভবিষ্যৎ রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। পাশাপাশি দলের নেতা-কর্মীদের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করা এবং নির্বাচনী ময়দানে সংগঠনকে শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।
এদিন এমডিসি উৎপল দেববর্মা জানান, আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষ থেকে কী ধরনের রণনীতি গ্রহণ করা হবে, মূলত সেই বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচনে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।








