শারদোৎসবে নতুন সাজে আগরতলা, পুর নিগমের বিশেষ বৈঠক, ‘মায়ের গমন’ ও ১৯টি ঘাটে প্রস্তুতির নির্দেশ

প্রগতি ত্রিপুরা, ০১ সেপ্টেম্বর, ২০২৬: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দেশ-বিদেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগরতলা শহরে আসা পুজোপ্রেমীদের উৎসব সফর সুগম ও নির্বিঘ্ন করতে এখন থেকেই কোমর বেঁধে নামছে আগরতলা পুর নিগম। মঙ্গলবার নিগমের কনফারেন্স হলে আয়োজিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনায় উৎসবের সার্বিক পরিকাঠামো উন্নয়ন ও নগর সাজানোর রূপরেখা তৈরি করা হয়।

বৈঠকে পৌরহিত্য করেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র, মেয়র ইন কাউন্সিলের সদস্য, বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর এবং নিগমের আধিকারিকেরা। দীর্ঘ এই বৈঠকে শহরের পথঘাট সংস্কার থেকে শুরু করে বর্জ্য নিষ্কাশন, আলোকসজ্জা এবং প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

অবকাঠামো ও পরিচ্ছন্নতা: পুজোর আগেই শহরের সমস্ত গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জমা জল ও দুর্গন্ধ এড়াতে নর্দমা পরিষ্কার এবং শহরের আনাচে-কানাচে বিশেষ স্বচ্ছতা অভিযান চালানো হবে। উৎসবের আলোকসজ্জা: রাজপথ ও দর্শনীয় এলাকাগুলিকে নতুন আলোয় সাজিয়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে রাতেও দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারেন।

‘মায়ের গমন’ ও ক্লাব সমন্বয়: বিগত বছরগুলির মতো এবারও বর্ণাঢ্য ‘মায়ের গমন’ অনুষ্ঠানের আয়োজন করা হবে। কর্মসূচিটি সফল করতে আগামী কয়েকদিনের মধ্যেই শহরের বিভিন্ন পুজো ক্লাবের প্রতিনিধিদের নিয়ে বিশেষ সমন্বয় বৈঠক ডেকে পরিকল্পনা চূড়ান্ত করার কথা জানান মেয়র। ১৯টি ঘাটে বিসর্জনের প্রস্তুতি: মূল আকর্ষণ দশমী ঘাটকে নতুন রূপে সাজিয়ে তোলার পাশাপাশি পুর নিগমের আওতাধীন বিভিন্ন জোনের আরও ১৮টি ঘাট সংস্কার করা হবে। অর্থাৎ মোট ১৯টি ঘাটে আলো, পরিচ্ছন্নতা ও নিরাপদে প্রতিমা বিসর্জনের জন্য বিশেষ পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।

উৎসব ও স্বচ্ছতা পুরস্কার: থিম, পরিবেশবান্ধব ভাবনা ও পরিচ্ছন্নতার বিচারে সেরা পুজো কমিটিগুলিকে পুর নিগমের তরফে বিশেষ পুরস্কৃত করা হবে। পাশাপাশি ‘মুখ্যমন্ত্রীর স্বচ্ছতা পুরস্কার’ প্রাপ্ত ক্লাবগুলিকেও আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হবে। উৎসবের দিনগুলিতে রাজধানী আগরতলাকে সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে নিগমের সমস্ত বিভাগকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment