যানজট কমাতে আগরতলা শহরে আরও একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে: মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক, ৩১আগস্ট, ২০২৬: আগরতলা শহরে যানজট কমাতে ফায়ার ব্রিগেড চৌমুহনি থেকে শুরু করে কের চৌমুহনি, শংকর চৌমুহনি এবং দুর্গা চৌমুহনি ব্রিজ হয়ে কাটাখালের উপর দিয়ে রাধানগর বাসস্ট্যান্ড পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে। পূর্ত (সড়ক ও সেতু) দপ্তর থেকে ৩.৯৮৫ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই ফ্লাইওভারটি নির্মাণের জন্য ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি করে প্রাথমিক প্রজেক্ট রিপোর্ট, ডিটেইলড লে আউট প্ল্যান, টিপিক্যাল ক্রস সেকশন, সম্ভাব্য ব্যয়ের হিসাব এবং ইপিসি মুডে এজেন্সি নিয়োগের জন্য রিকোয়েস্ট ফর প্রোপোজাল (আরএফপি) এবং জমি অধিগ্রহণের পরিকল্পনা (এলএপি) তৈরির কাজ চলছে।

আজ রাজ্য বিধানসভায় বিধায়ক তফাজ্জল হোসেন এবং বিধায়ক সুদীপ রায় বর্মনের পৃথক দুটি প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এতথ্য জানিয়েছেন। বিধায়ক তফাজ্জল হোসেনের পৃথক আরেকটি প্রশ্নের লিখিত উত্তরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে সর্বমোট ২০৪.৪৫ কিলোমিটার ডাবল লেন রাজ্য সড়ক রয়েছে। এখনও যেসকল রাজ্য সড়ক ডাবল লেনে উন্নীত করা যায়নি সেগুলি প্রয়োজনীয় জমি সহ অর্থের সংস্থান সাপেক্ষে পরবর্তী পর্যায়ে ডাবল লেনে উন্নীত করা যাবে আশা করা হচ্ছে।

বিধায়ক সুদীপ রায় বর্মনের আরেকটি পৃথক প্রশ্নের লিখিত উত্তরে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে আগরতলা শহরে মোট ১১৪.২৭৫ কিলোমিটার রাস্তা সংস্কারের প্রয়োজন রয়েছে। এছাড়া আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের তথ্য অনুযায়ী এশিয়ান ডেভেলপেমন্ট ব্যাঙ্কের আর্থিক সহায়তায় ৪টি প্যাকেজে একটি পূর্ণাঙ্গ স্মার্ট রোডের পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। তিনি জানান, চলতি অর্থবছরে আগরতলা শহরের রাস্তা মেরামত ও পুনর্নিমাণের জন্য পূর্ত (সড়ক ও সেতু) দপ্তরের বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩৩ কোটি ৯০ লক্ষ ৪৯ হাজার ৯৯৯ টাকা।

এছাড়া আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের তথ্য অনুযায়ী ২৩.২৪৬ কিলোমিটার রাস্তা উন্নয়নের জন্য এডিবির বরাদ্দকৃত মোট অর্থের পরিমাণ ৪৫৭.৩৫ কোটি টাকা। চলতি অর্থবছরে পূর্ত (সড়ক ও সেতু) দপ্তর কর্তৃক আগরতলা শহরে মোট ২৫.০৬ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। তিনি জানান, পূর্ত দপ্তর কর্তৃক বর্ষায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির সংস্কারের কাজ চলছে। স্মার্ট সিটি লিমিটেডের তত্ত্বাবধানে ও সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক রাস্তার গর্ত মেরামতের কাজ চলছে।

Leave a Comment