প্রগতি ত্রিপুরা, ২৯ আগস্ট, ২০২৬: বিদ্যুৎ সরবরাহের চরম অনিয়ম এবং বিদ্যুৎ দফতরের উদাসীনতার বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করে রাস্তা অবরোধে নামলেন ফটিকরায় রামালছড়া ১ নম্বর ওয়ার্ডের ক্ষুব্ধ বাসিন্দারা। সকাল প্রায় সাড়ে ন’টা থেকে শুরু হওয়া এই পথ অবরোধের কারণে এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফটিকরায় এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সরবরাহের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। হালকা বাতাস বা সামান্য আবহাওয়া খারাপ হলেই বিদ্যুৎ চলে যায়। দিনের বেলায় মাঝে মাঝে বিদ্যুৎ থাকলেও রাতের বেলা অনবরত লোডশেডিংয়ের কারণে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। চরম গরমে ঘরে থাকা দায় হয়ে পড়েছে, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনাও।
ক্ষোভ প্রকাশ করে এক স্থানীয় বাসিন্দা জানান, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করার পরও রাতের পর রাত তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। যাদের বাড়িতে ইনভার্টার নেই, তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কেরোসিনের ঊর্ধ্বমুখী দামের কারণে বিকল্প আলো জ্বালানো সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেছে।
ক্ষুব্ধ আন্দোলনকারীদের আরও অভিযোগ, বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করা হলে কোনো দায়িত্বশীল কর্মী বা কর্মকর্তার দেখা মেলে না। ইতোপূর্বে বিদ্যুৎ দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানানো হলেও এবং মেইনটেনেন্স কাজের আশ্বাস দেওয়া সত্ত্বেও ৫-৬ দিন অতিক্রম হয়ে গেলেও কোনো স্থায়ী সমাধান করা হয়নি।
বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি—বিদ্যুৎ দফতরের দায়িত্বশীল কর্মকর্তাদের সরাসরি ঘটনাস্থলে এসে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যে দ্রুত এই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করা হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।








