প্রগতি ত্রিপুরা, ২৩ আগস্ট, ২০২৬: রবিবার আগরতলার প্রান্তিক ক্লাবে খুঁটি পুজোর মাধ্যমে এবছরের দুর্গাপূজার শুভ সূচনা করা হয়। প্রতি বছরের মতো এবারও বিশেষ ভাবনা ও বার্তা নিয়ে দুর্গাপূজার আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ।
এবছর তাদের পূজার মূল থিম ‘তামাক বর্জন’। এই থিমকে সামনে রেখে মণ্ডপসজ্জায় তামাক সেবনের ক্ষতিকারক দিক এবং এর ফলে মানুষের শরীর ও সমাজে তৈরি হওয়া বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরা হবে। মণ্ডপে থিমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে তামাক বর্জনের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা থাকবে বলে জানান উদ্যোক্তারা।
এবারের মণ্ডপসজ্জায় থাকছে বিশেষ চমক। সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে মণ্ডপ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে নারিকেলের রাঁচি ব্যবহার করে প্রাকৃতিক রূপে মণ্ডপসজ্জা করা হবে।
মণ্ডপ নির্মাণের দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের কারিগর ও মৃৎশিল্পীরা। পাশাপাশি পশ্চিমবঙ্গের আলোকশিল্পীদের হাত ধরে থাকবে বিশেষ আলোকসজ্জা। তবে এই আয়োজনের সঙ্গে স্থানীয় শিল্পীদেরও যুক্ত করা হয়েছে।
সব মিলিয়ে তামাক বর্জনের সামাজিক বার্তা, প্রাকৃতিক উপকরণে নান্দনিক মণ্ডপসজ্জা এবং আকর্ষণীয় আলোকসজ্জার সমন্বয়ে এবছর প্রান্তিক ক্লাবের দুর্গাপূজা দর্শনার্থীদের নজর কাড়বে বলেই আশা করছেন উদ্যোক্তারা।








