প্রগতি ত্রিপুরা, ২৩ আগস্ট, ২০২৬: উত্তর ত্রিপুরা জেলার প্রশাসনিক ও সামাজিক সচেতনতার এক চরম ব্যর্থতার ছবি সামনে এলো ধর্মনগরে। ধর্মনগর জেলা হাসপাতাল থেকে মাত্র ৫০ মিটার দূরে জবরদখল করা সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ দেশি মদের দোকানে সরাসরি হামলা চালাল স্থানীয় প্রমিলা বাহিনী। প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করায় শেষ পর্যন্ত এলাকার মহিলারাই একজোট হয়ে ভাঙচুর চালিয়ে গুড়িয়ে দিলেন বেআইনি মদের এই ঠেক।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল প্রায় ৯টা নাগাদ এলাকার মহিলারা জোটবদ্ধ হয়ে ওই অবৈধ দোকানে আচমকা অভিযান চালান। সেখানে গিয়ে তাঁরা প্রচুর পরিমাণে দেশি ও বিলাতি মদ দেখতে পান। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে মুহূর্তে। ক্ষুব্ধ মহিলারা দোকানের ভেতরে থাকা সমস্ত মদের বোতল ও অন্যান্য সামগ্রী রাস্তায় এনে ভেঙে ফেলেন এবং বেআইনি কাঠামোটি পুরোপুরি ধ্বংস করে দেন।
এলাকাবাসীর অভিযোগ, হাসপাতালের মতো একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠানের এত কাছাকাছি কীভাবে দীর্ঘদিন ধরে এই ধরনের সমাজবিরোধী কাজকর্ম চলছিল, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। মদের দোকানের কারণে এলাকার সামগ্রিক পরিবেশ নষ্ট হচ্ছিল। মাতালদের উপদ্রবে ছোট ছোট শিশু, স্কুলগামী শিক্ষার্থী ও নারীদের ওই রাস্তা দিয়ে যাতায়াত করাই দায় হয়ে পড়েছিল। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কোনো উদ্যোগ না নেওয়ায় বাধ্য হয়েই মাতৃশক্তিকে এই পদক্ষেপ নিতে হয়েছে বলে জানা গেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সরকারি জায়গা দখল মুক্ত করা এবং এই ধরনের বেআইনি কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ ও জেলা প্রশাসন শেষ পর্যন্ত কী ব্যবস্থা গ্রহণ করে, সেদিকেই নজর রাখছেন এলাকার বাসিন্দারা।








