বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান: পরিত্যক্ত দুটি গাড়ি থেকে উদ্ধার ১৬ বান্ডিল কাপড়, বাজেয়াপ্ত ১৬ লক্ষ টাকার সম্পত্তি

প্রগতি ত্রিপুরা, ২১ আগস্ট, ২০২৬: ​ গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল পুলিশ ও সীমা সুরক্ষা বল (বিএসএফ)। গত ২০ আগস্ট রাতে গাবতলী এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৮ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাই বা অবৈধ শাড়ি ও পোশাকসহ দুটি চার চাকার গাড়ি জব্দ করেছে যৌথ দল।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০ আগস্ট আনুমানিক রাত সাড়ে ১০টা নাগাদ সাব-ইনস্পেক্টর প্রসেনজিৎ গোপ ও সাব-ইনস্পেক্টর রূপসাধন জমাতিয়ার নেতৃত্বে পুলিশ কর্মী এবং ৪৩ নম্বর ব্যাটালিয়নের সিদ্ধিনগর বিওপির বিএসএফ জওয়ানরা যৌথভাবে গাবতলী এলাকায় যানবাহন তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময় নিহারনগর থেকে সিদ্ধিনগরের দিকে আসা দুটি গাড়িকে (নম্বর: TR08-D-0635 এবং TR08-A-0665) থামার সিগন্যাল দেওয়া হয়। কিন্তু গাড়ি দুটি না থেমে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

সঙ্গে সঙ্গে জওয়ান ও পুলিশকর্মীরা গাড়ি দুটির পিছু ধাওয়া করেন। কিছু দূর যাওয়ার পর একটি নির্জন এলাকায় গাড়ি দুটিকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। অন্ধকারের সুযোগ নিয়ে চালকরা এলাকা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে ১৬ বান্ডিল জামাকাপড় উদ্ধার করা হয়, যার মধ্যে প্রায় ৬০০টি শাড়ি ও অন্যান্য পোশাক ছিল।

উদ্ধার হওয়া পোশাকের আনুমানিক বাজারমূল্য ৮ লক্ষ টাকা। পাশাপাশি বাজেয়াপ্ত আল্টো ও সেলেরিও গাড়ি দুটির আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। সব মিলিয়ে মোট ১৬ লক্ষ টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিএনএসএস (BNSS)-এর ১০৬ নম্বর ধারায় সামগ্রী ও গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী