প্রগতি ত্রিপুরা, ২১ আগস্ট, ২০২৬: হদ্রা–সমতল পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি বাইক সহ সেখান থেকেই তিন যুবককে হেরোইনসহ আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কাকড়াবন থানার অফিসার ইনচার্জ গোপাল শুক্ল দাস সংবাদমাধ্যমকে জানান, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ৯.৪২ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। আটক অটোরিকশাটির নম্বর টি-আর-০৩-ডি-৩৬৫৬ এবং বাইকটির নম্বর টি-আর-০৩-এন-৬৯৮৬।
পরে পুলিশ তিন যুবককে কাকড়াবন থানায় নিয়ে আসে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক যুবকদের মধ্যে আর্জন আলী, পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক সে সমতল হদরা এলাকার বাসিন্দা। অপর একজন আলমগীর হোসেন, যার বাড়ি পূর্ব পালাটানা। তৃতীয় আটক যুবকের পরিচয় পুলিশি তদন্তের পর আরও স্পষ্ট হবে। ড্রাগস উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল ও পরে কাকড়াবন থানায় ছুটে যান এসডিপিও দেবাঞ্জলি রায়। ঘটনাকে ঘিরে পুলিশি তদন্ত শুরু হয়েছে।
তবে পুলিশের দাবির বিপরীত অভিযোগ তুলেছেন আটক আর্জন আলীর স্ত্রী। তাঁর দাবি, তাঁর স্বামীকে মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে এবং তাঁর কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি। ফলে পুলিশের উদ্ধার সংক্রান্ত দাবি এবং পরিবারের পাল্টা অভিযোগ—দুই দিক ঘিরেই এখন তদন্তের দিকে নজর রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই যুবককে শনিবার আদালতে সোপর্দ করা হবে। আদালতে পুলিশের পক্ষ থেকে কী তথ্য ও প্রমাণ উপস্থাপন করা হয় এবং তদন্তে প্রকৃত ঘটনা কীভাবে সামনে আসে, এখন সেটাই দেখার বিষয়।








