উদয়পুর রাধাকিশোরপুর থানা পরিদর্শনে যান ভারপ্রাপ্ত ডিজিপি জিএস রাও

প্রগতি ত্রিপুরা, ২১ আগস্ট, ২০২৬: উদয়পুর মহকুমা আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি জি. এস. রাও। ১৯৯৯ ব্যাচের আইপিএস অফিসার জি. এস. রাও দুই থানায় পৌঁছালে পুলিশ কর্মীদের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়।

পরিদর্শনকালে তিনি দুই থানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং থানার সামগ্রিক কার্যক্রম, পুলিশি পরিষেবা, মামলার অগ্রগতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি পুলিশ আধিকারিক ও কর্মীদের সঙ্গে বৈঠক করে সাধারণ মানুষের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।

পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভারপ্রাপ্ত ডিজিপি জি. এস. রাও জানান, পুলিশের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছে যাওয়া। মানুষের সমস্যা দ্রুত শুনে তার সমাধানের জন্য পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, রাজ্যে ড্রাগসের বিরুদ্ধে অভিযান, মহিলা সংক্রান্ত সমস্যা এবং আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সমাজকে নেশামুক্ত করার পাশাপাশি মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি।

ভারপ্রাপ্ত ডিজিপির এই থানা পরিদর্শনকে ঘিরে পুলিশ মহলে বিশেষ গুরুত্ব লক্ষ্য করা যায়। সাধারণ মানুষের আস্থা অর্জন এবং পুলিশের পরিষেবা আরও জনমুখী করার লক্ষ্যে এই ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment