প্রগতি ত্রিপুরা, ২১ আগস্ট, ২০২৬: আগরতলা জিআরপি থানার পুলিশ রেল স্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে। শুক্রবার সকাল আনুমানিক ১০টা নাগাদ জিআরপি থানার এসআই পঙ্কজ বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল আগরতলা রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের পার্কিং সংলগ্ন এলাকায় অভিযানে সন্দেহভাজন হিসেবে এক যুবককে আটক করা হয়।
ধৃত যুবকের নাম নওয়াব কুমার (৩০)। সে বিহারের বেগূসরাই জেলার বেগূসরাই থানা এলাকার বেলোশা গ্রামের বাসিন্দা শ্রী নিখিল কুমার নওয়াবের পুত্র।ধৃতের পিঠের ব্যাগ তল্লাশি করে মোট ৪ কেজি ১৫৫ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করে, যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ১ লক্ষ টাকা। পুলিশ ঘটনাস্থলেই গাঁজা বাজেয়াপ্ত করে যুবককে গ্রেফতার করে।
এই ঘটনায় আগরতলা জিআরপি থানায় ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনের (NDPS Act, 1985) ২০(b)(ii)(B)/২৯ ধারায় একটি নির্দিষ্ট মামলা (মামলা নম্বর: 2026GRP058) রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক স্বীকার করেছে যে, সে এই মাদকদ্রব্য আগরতলা থেকে সংগ্রহ করে বিহারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনে এসেছিল। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।








