“মাঠে সরকারের নজর, ফিল্ড ভিজিটে সচিব শশী কুমার আত্মবিশ্বাসে উজ্জীবিত উৎপাদক গোষ্ঠী।”

দামছড়া, ২ আগস্ট: রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের সচিব রবিবার ডামছড়া আরডি ব্লক পরিদর্শন করে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট (TRESP)-এর অধীনে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করেন। তাঁর সঙ্গে ছিলেন ডামছড়া আরডি ব্লকের বিডিও, ধর্মনগরের এসডিএফও এবং TRESP-এর সংশ্লিষ্ট আধিকারিকরা।

পরিদর্শনের শুরুতে বিডিও কার্যালয়ের সম্মেলন কক্ষে এক পর্যালোচনা বৈঠকে সচিব প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করেন। তিনি নির্ধারিত সময়ে গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রকৃত উপভোক্তাদের কাছে প্রকল্পের সুফল পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

এরপর তিনি পশ্চিম ডামছড়া ভিলেজ কমিটির অন্তর্গত ভাংসাং ফিশারি প্রোডিউসার গ্রুপ পরিদর্শন করেন। সেখানে উৎপাদক গোষ্ঠীর রেকর্ডপত্র পর্যবেক্ষণ করার পাশাপাশি মাছের পোনা সংগ্রহ কার্যক্রম ঘুরে দেখেন। সদস্যদের সঙ্গে মতবিনিময় করে তাদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং বৈজ্ঞানিক ও টেকসই মৎস্যচাষের মাধ্যমে আরও সাফল্য অর্জনের আহ্বান জানান।

পরে সচিব থুমসারাইপাড়া ভিলেজ কমিটির খাসনাম এগ্রিকালচার প্রোডিউসার গ্রুপ পরিদর্শন করে আদা চাষের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন এবং উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণের সুযোগ আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। উৎপাদক গোষ্ঠীর উদ্যোগ ও কর্মোদ্যমের ভূয়সী প্রশংসা করেন তিনি।

এই পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ে TRESP প্রকল্পের ইতিবাচক প্রভাব প্রত্যক্ষ করার পাশাপাশি উপভোক্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। সচিব পুনর্ব্যক্ত করেন যে, জনজাতি অধ্যুষিত এলাকায় টেকসই জীবিকায়ন, কৃষি ও মৎস্যভিত্তিক আয় বৃদ্ধি এবং সামগ্রিক গ্রামীণ উন্নয়নে রাজ্য সরকার TRESP-এর মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে।

সচিবের এই সফর উৎপাদক গোষ্ঠীর সদস্যদের নতুন উদ্দীপনা জুগিয়েছে এবং প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত সকলের মধ্যে আত্মবিশ্বাস ও উৎসাহ আরও বাড়িয়ে তুলেছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী