প্রগতি ত্রিপুরা, ২৮ জুলাই, ২০২৬: নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের নকুল চৌমুনা থেকে শ্রীনগর ঋষি কলোনি পর্যন্ত সংযোগ সড়ক। প্রায় ৩৫ বছর ধরে গুরুত্বপূর্ণ এই রাস্তার কোনো বড় ধরনের সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর বক্তব্য, নকুল চৌমুনা, শেখের কোট, কাঞ্চনমালা এবং আগরতলায় যাতায়াতের জন্য প্রতিদিন বহু মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অবস্থার কারণে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষার সময় দুর্ভোগ আরও বেড়ে যায় বলে অভিযোগ।
স্থানীয়দের দাবি, রাস্তার সমস্যার বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এবং জনপ্রতিনিধিদের জানানো হয়েছে। বিভিন্ন সময়ে এলাকা পরিদর্শনের পাশাপাশি দ্রুত সংস্কারের আশ্বাসও দেওয়া হলেও এখনও পর্যন্ত কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ তাদের।
দীর্ঘদিনের এই সমস্যার দ্রুত সমাধান এবং সড়ক সংস্কারের কাজ অবিলম্বে শুরু করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এখন সকলের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।








