প্রগতি ত্রিপুরা, ২২ জুলাই, ২০২৬: বুধবার আগরতলায় সোনারতরী গেস্ট হাউসে কেন্দ্রীয় সরকারের প্রণীত নতুন শ্রমকোড কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ত্রিপুরায় প্রথমবারের মতো তিন দিনব্যাপী একটি বিশেষ কর্মশালার সূচনা হয়েছে। রাজ্য শ্রম দফতরের বিভিন্ন স্তরের আধিকারিকরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
এছাড়া এই কর্মশালায় মিজোরাম, মণিপুর-সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে আগত বিশেষজ্ঞ ও অভিজ্ঞ প্রশিক্ষকরা অংশ নিয়েছেন। শুরু হওয়া তিন দিনের এই কর্মশালায় নতুন শ্রম আইন, তার বাস্তব প্রয়োগ এবং প্রশাসনিক দায়িত্ব নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ ও আলোচনা চলবে।
আধিকারিকদের সুস্পষ্ট ধারণা প্রদান, আইন বাস্তবায়নের ক্ষেত্রে তাঁদের দক্ষতা বৃদ্ধি এবং শ্রমিক ও নিয়োগকর্তাদের স্বার্থরক্ষায় প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করে তোলা এই কর্মশালার মূল উদ্দেশ্য বলে দফতর সূত্রে জানা গেছে। এই কর্মশালা আগামীদিনে শ্রমিক স্বার্থে কাজ করতে অফিসারদের অনেকটা সহজ হবে এমনটা জানালেন রাজ্য শ্রমদফতরের যুগ্ম অধিকর্তা।








