প্রগতি ত্রিপুরা, ১৫ জুলাই , ২০২৬: উদয়পুর থেকে আগরতলা আসার পথে মারুতি ইকো গাড়িতে ফেলে আসা একটি ব্যাগ এখনও উদ্ধার হয়নি। ব্যাগে গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ থাকায় চরম উদ্বেগে রয়েছেন মালিক! ইতিমধ্যেই আগরতলা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৩ জুলাই উদয়পুর থেকে মারুতি ইকো গাড়িতে করে আগরতলার উদ্দেশ্যে রওনা হন বিশ্বজিৎ দে।
আগরতলার বটতলা এলাকায় নেমে যাওয়ার পর প্রায় ২০ মিনিট পরে তিনি বুঝতে পারেন, তাঁর একটি ব্যাগ গাড়ির মধ্যেই রয়ে গেছে। এরপর তিনি কর্তব্যরত ট্রাফিক পুলিশের সহায়তা নেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সংশ্লিষ্ট গাড়ির নম্বর শনাক্ত করা হয়। পরে গাড়ির চালকের সঙ্গে যোগাযোগ করা হলে চালক দাবি করেন, তাঁর গাড়িতে কোনো ব্যাগ ছিল না।
ব্যাগটি উদ্ধার না হওয়ায় গত ১৫ জুলাই বিশ্বজিৎ দে আগরতলা পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, হারিয়ে যাওয়া ব্যাগে জমির দলিল, পর্চাসহ একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল। তিনি আবেদন জানান, যদি কোনো সহৃদয় ব্যক্তি ব্যাগটি পেয়ে থাকেন, তাহলে সেটি ফিরিয়ে দেওয়ার জন্য। এদিকে, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।







