প্রগতি ত্রিপুরা, ২ জুলাই, ২০২৬। উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের উদ্যোগে আজ ধর্মনগর সার্কিট হাউসে অনুষ্ঠিত হলো বিশেষ অনুষ্ঠান “মেধাবীদের সাথে চা-আড্ডা”।
এই ব্যতিক্রমী আয়োজনে জেলার কৃতী ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্মাননা জানানো হয়। পাশাপাশি তাদের শিক্ষাজীবনের অভিজ্ঞতা, সাফল্যের গল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজ ও দেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে এক আন্তরিক মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোট ৪৪ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে সম্মাননা প্রদান করা হয়। তাঁদের অসাধারণ সাফল্যকে স্বীকৃতি জানিয়ে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা তুলে দেওয়া হয়।
সম্মান প্রাপ্তদের মধ্যে জেলার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান গোল্ডেন ভ্যালি হায়ার সেকেন্ডারি স্কুলের ৬ জন টপার এবং পি.এম.সি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ৫ জন টপার বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও অনুষ্ঠানে ৪ জন শারীরিকভাবে সক্ষম (দিব্যাঙ্গ) ছাত্র-ছাত্রীকেও তাঁদের অনন্য সাফল্যের জন্য সম্মানিত করা হয়।
জেলা শাসক তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের সম্পদ। তাদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায় শুধু ব্যক্তিগত সাফল্য নয়, সমগ্র জেলার গর্ব। তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে এবং সেই লক্ষ্য পূরণে নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
“মেধাবীদের সাথে চা-আড্ডা” অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের অর্জনকে স্বীকৃতি দেওয়া এবংv আগামী প্রজন্মের কাছে একটি ইতিবাচক অনুপ্রেরণা পৌঁছে দেওয়া।
জেলা প্রশাসনের এই উদ্যোগে শিক্ষার্থী, অভিভাবক ও উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়।








