গরিয়া উৎসব উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক, ১২ জুন, ২০২৬: মুক্তধারা অডিটোরিয়ামে আজ সন্ধ্যায় গরিয়া উৎসব উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল অনুষ্ঠানের উদ্বোধন করেন। সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতায় বিজয়ীদের আজ পুরস্কৃত করা হয়। গরিয়া উৎসব উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক উৎসবের উদ্যোক্তা তথ্য ও সংস্কৃতি দপ্তর।

অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল বলেন, আমাদের রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতিকে রক্ষা করা এবং সমৃদ্ধ করা এই উৎসব আয়োজনের প্রধান উদ্দেশ্য। গরিয়া উৎসবে রাজ্যের সব অংশের মানুষ সামিল হন। রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করতে রাজ্য সরকার কাজ করছে। প্রসঙ্গক্রমে তিনি বাল্যবিবাহ মুক্ত ত্রিপুরা এবং নেশামুক্ত ত্রিপুরা গঠন করার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা মনোজ কুমার সাহা স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, রাজ্যের নিজস্ব সংস্কৃতি প্রসারে এধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যের সব অংশের মানুষ মিলে আমাদের নিজস্ব সংস্কৃতিকে রক্ষা করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক কল্যাণ ভদ্র, বিশিষ্ট সমাজসেবী অসীম ভট্টাচার্য প্রমুখ।

অনুষ্ঠানে ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ১০ জন শ্রেষ্ঠ অভিনেতা ও অভিনেত্রীর হাতে অতিথিগণ পুরস্কার তুলে দেন। নাটক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ক্ষুদিরামবসু ইংরেজী মাধ্যম বিদ্যালয়, দ্বিতীয় আচার্য প্রফুল্ল চন্দ্র স্মৃতি বিদ্যামন্দির এবং তৃতীয় স্থান অধিকার করেছে মাইম এন্ড কালচার‍্য্যাল একাডেমি।

Leave a Comment