অনলাইন ডেস্ক, ১২ জুন, ২০২৬: শিশু শ্রমের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে সর্বস্তরে স্বচেতনতা আরও বাড়াতে হবে। আজ ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সহযোগিতায় জিরানীয়া পঞ্চায়েত সমিতি হলে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে এক কর্মশালার উদ্বোধন করে একথা বলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশের ভবিষ্যৎ নির্মাতা।
তাই শিশুদের অধিকার, শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তিনি বলেন, প্রতিটি শিশুর অন্তরে সুপ্ত অবস্থায় প্রতিভা লুকিয়ে আছে। সেই প্রতিভার সুষ্ঠ বিকাশ ঘটাতে হলে তাদের প্রকৃত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবিক আদর্শে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। পাশাপাশি শিশুদের শৈশব যেন কোনভাবেই বাধাপ্রাপ্ত না হয় সেদিকেও নজর দিতে হবে। মন্ত্রী বাল্যবিবাহের কুফল সম্পর্কেও আলোকপাত করেন।
অনুষ্ঠানে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা বলেন, বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালনের মূল লক্ষ্য হল প্রতিটি শিশুর নিরাপদ, সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ শৈশব সুনিশ্চিত করা। তাছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, পশ্চিম ত্রিপুরা জুভেনাইল বোর্ডের সদস্য আইনজীবি তাপস দেববর্মা, জেলা শ্রম আধিকারিক পার্থ ভট্টাচার্য প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যসচিব মাধব পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, ভাইস চেয়ারপার্সন রূপালী দাস, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন কুমার দাস, জিরানীয়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক পামেলা সাহা, জিরানীয়া ব্লকের বিডিও তুষার আলম, বিশিষ্ট সমাজসেবী রণজিৎ রায় চৌধুরী, ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্য-সদস্যাগণ, জিলা পরিষদের সদস্য-সদস্যাগণ, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান সহ স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে শিশু শ্রমের বিরুদ্ধে শপথ গ্রহণ করা হয়।







