১৪তম ব্যাটালিয়ন টিএসআর সদর দপ্তরে রক্তদান শিবির, রক্তদান করলেন ৩১ জন

প্রগতি ত্রিপুরা, ১২ জুন,২০২৬: মানবসেবার মহান আদর্শকে সামনে রেখে ১৪তম ব্যাটালিয়ন টিএসআর (TSR) সদর দপ্তরে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ব্যাটালিয়নের জওয়ান ও কর্মকর্তাদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণে মোট ৩১ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরের উদ্বোধন করেন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (CO) শিশির দাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডিং অফিসার (DCO) লালহিম মোলসম, অ্যাডজুট্যান্ট নিত্যানন্দ সরকারসহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তারা। তাঁরা রক্তদাতাদের উৎসাহিত করেন এবং সমাজের বৃহত্তর কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

শিবিরে রক্ত সংগ্রহের জন্য শান্তিরবাজার থেকে একটি চিকিৎসক দল উপস্থিত ছিল। চিকিৎসকদের তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে রক্ত সংগ্রহের পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়। রক্তদাতাদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শও প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তের কোনো বিকল্প নেই।

একজন রক্তদাতার সামান্য উদ্যোগ একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। তাই সমাজের সকল স্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। সফলভাবে আয়োজিত এই রক্তদান শিবির মানবিক দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।

Leave a Comment