ভিলেজ মাইক্রো ফাইন্যান্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ! কলেজ পড়ুয়া ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা!!

প্রগতি ত্রিপুরা, ১২ জুন,২০২৬: সাব্রুম মহকুমায় ভিলেজ নামক একটি মাইক্রো ফাইন্যান্স সংস্থার বিরুদ্ধে ঋণের টাকা আত্মসাতের অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি সাতচাঁদ আর.ডি. ব্লকের অন্তর্গত থাইবুং গ্রাম পঞ্চায়েত এলাকার হতদরিদ্র বাসিন্দা জহর লাল দাসকে কেন্দ্র করে।

অভিযোগ অনুযায়ী, প্রায় দেড় বছর আগে জহর লাল দাস ভিলেজ মাইক্রো ফাইন্যান্সের সাব্রুম শাখা থেকে ৯০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। তিনি প্রতি মাসে ৪,৬৫৬ টাকা করে কিস্তি পরিশোধ করতেন। অধিকাংশ কিস্তিই শাখা ব্যবস্থাপক অভিজিৎ সরকারের হাতে নগদে জমা দিয়ে ঋণ বইয়ে স্বাক্ষর ও তারিখসহ রসিদ নিতেন।

এছাড়া দুটি কিস্তি গুগল পে-র মাধ্যমেও প্রদান করা হয় বলে দাবি পরিবারের। সম্প্রতি মেয়ের উচ্চশিক্ষার জন্য বন্ধন ব্যাংক থেকে ২ লক্ষ টাকার ঋণ নেওয়ার উদ্যোগ নিলে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, জহর লাল দাসের সিবিল স্কোর খারাপ রয়েছে। এতে বিস্মিত হয়ে তিনি ভিলেজের সাব্রুম শাখায় যোগাযোগ করেন।

অভিযোগ, প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে শাখা ব্যবস্থাপক ভুলের কথা স্বীকার করেন এবং বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানান। পাশাপাশি আগামী ১৬ তারিখের মধ্যে ঋণ হিসাব হালনাগাদ করে সিবিল স্কোর ঠিক করে দেওয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে শাখা ব্যবস্থাপক ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে সংস্থার অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, এমন ঘটনার শিকার আরও বহু পরিবার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment