প্রগতি ত্রিপুরা, ২৩ মে, ২০২৬: ১২ বছর ধরে নিখোঁজ সন্তান। আর সেই সন্তানের খোঁজ করতে গিয়ে আক্রান্ত হতে হলো এক অসহায় বৃদ্ধ পিতাকে।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গকুলনগর রাস্তারমাথা এলাকায়।অভিযোগের তির স্থানীয় এক টিএসআর জোয়ানের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে জাতীয় সড়কের পাশে ফেলে যাওয়ার পরও পুলিশের ভূমিকা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন।
ছেলের খোঁজে এবার সরাসরি মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের দ্বারস্থ অসহায় পরিবার।ঘটনার সূত্রপাত আনুমানিক ১২ বছর আগে।গকুলনগর রাস্তারমাথা এলাকার বাসিন্দা নারায়ণ দেবনাথের ছেলে সজল দেবনাথকে বিদেশে কাজ দেওয়ার নাম করে পাঠায় স্থানীয় এক টিএসআর জোয়ান, নাম বিজয় দাস। কিন্তু বিদেশে যাওয়ার পর থেকেই পরিবারের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সজলের।
পরিবারের অভিযোগ, তিন বছর আগে সজল রাজ্যে ফিরে আসলেও নিজের বাড়িতে ফেরেনি। সে সরাসরি ওঠে ওই টিএসআর জোয়ান বিজয় দাসের বাড়িতে। সেখানে কিছুদিন থাকার পর সজলকে আবারও বিদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে দাবি পরিবারের।নিখোঁজ ছেলের খবর জানতে বারবার টিএসআর বিজয় দাসের দ্বারস্থ হয়েছে অসহায় পরিবারটি। কিন্তু প্রতিবারই জোটে শুধু হুমকি আর আক্রমণ।
গত ১৯ শে মে, রাস্তারমাথা এলাকায় নারায়ণ দেবনাথ পুনরায় তাঁর ছেলের বিষয়ে জানতে চাইলে, টিএসআর বিজয় দাস এবং তার ভাতিজা বৃদ্ধের ওপর চড়াও হয় বলে অভিযোগ।তাঁকে ব্যাপক মারধর করে রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কের পাশে ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে চিকিৎসার পর এই নৃশংস ঘটনার বিষয়ে বিশালগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে দেবনাথ পরিবার। কিন্তু পরিবারের অভিযোগ, ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেলেও পুলিশের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযুক্ত টিএসআর জোয়ান বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে।পুলিশের এই নিষ্ক্রিয়তায় এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা পরিবার। শেষ পর্যন্ত নিজেদের নিখোঁজ ছেলেকে ফিরে পেতে এবং দোষীদের শাস্তির দাবিতে স্থানীয় প্রশাসন ও রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে এই অসহায় পরিবারটি। এখন দেখার, এই ঘটনার পর প্রশাসন নড়েচড়ে বসে কিনা।








