প্রগতি ত্রিপুরা, ২২ মে, ২০২৬: ঊনকোটি জেলা হাসপাতালে সমস্ত উপকরণ ও পরিকাঠামো তৈরি থাকলেও আজ পর্যন্ত চালু হয়নি আইসিইউ পরিষেবা। ২০২০ সালেই ছয় শয্যা বিশিষ্ট আইসিইউর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এসে পৌঁছালেও দীর্ঘ ছয় বছর অতিক্রান্ত হওয়ার পরেও পরিষেবা চালু না হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এই জেলা হাসপাতালের উপর নির্ভরশীল ঊনকোটি জেলার পাশাপাশি লংতরাইভ্যালীর বিস্তীর্ণ এলাকার মানুষও।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসিইউ চালুর মূল সমস্যা জনবল সংকট। এই বিষয়ে ঊনকোটি জেলা হাসপাতালের এমএস ডাঃ রোহন পাল জানান, “আইসিইউ পরিষেবা চালুর জন্য প্রয়োজনীয় উপকরণ রয়েছে। তবে পরিষেবা চালু করতে অন্তত চারজন ডাক্তার, পাঁচ থেকে ছয়জন নার্স এবং পর্যাপ্ত জিডিএ স্টাফ প্রয়োজন।
এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারকে লিখিতভাবে জানানো হয়েছে। প্রয়োজনীয় স্টাফ নিয়োগ হলেই আইসিইউ চালু করা সম্ভব।” বর্তমানে আইসিইউ পরিষেবা চালু না থাকায় জটিল রোগীদের অনেক ক্ষেত্রেই আগরতলা কিংবা বেসরকারি হাসপাতালে রেফার করা হচ্ছে বলে অভিযোগ উঠছে।







