প্রগতি ত্রিপুরা, ০৯ মে, ২০২৬: এটিএমে টাকা রাখার কথা ছিল। কিন্তু সেই টাকা পৌঁছায়নি মেশিনে। ব্যাঙ্কের এক সহকারী ম্যানেজারের বিরুদ্ধে ৩৬ লক্ষ ২৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ। অভিযুক্ত মার্ক দেববর্মা দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে শিলং থেকে ধরা পড়েছে।
বৃহস্পতিবার আগরতলার সিজেএম আদালত তাকে পাঁচদিনের পুলিশ রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছে। আগরতলার গোর্খাবস্তি এলাকার একটি এটিএমে টাকা রাখার দায়িত্বে ছিলেন তিনি।
অভিযোগ, সেই সুযোগকে হাতিয়ার করে ধাপে ধাপে লক্ষ লক্ষ টাকা সরিয়ে ফেলেছিলেন ইন্ডিয়ান ব্যাঙ্কের সহকারী ম্যানেজার মার্ক দেববর্মা। প্রায় ৩৬ লক্ষ ২৮ হাজার টাকা তছরুপের অভিযোগ সামনে আসতেই রাজ্য ছেড়ে উধাও হয়ে যান।
দীর্ঘ ছ’বছর মেঘালয়ের শিলংয়ে পরিচয় গোপন করে থাকার পর অবশেষে এনসিসি থানার পুলিশের জালে ধরা পড়লেন অভিযুক্ত। বুধবার শিলং থেকে মার্ক দেববর্মাকে গ্রেপ্তার করে পুলিশ। ট্রানজিট রিমান্ডে তাকে ত্রিপুরায় নিয়ে আসা হয়। মার্কের বাড়ি টাকারজলায়।








