কৈলাসহরে উদ্ধার বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট! আটক দুই যুবক!

প্রগতি ত্রিপুরা, ১৩ই এপ্রিল, ২০২৬: কৈলাসহর পুলিশের তৎপরতায় উদ্ধার হল বিপুল পরিমাণ অবৈধ বার্মিজ সিগারেট। জানা যায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকার সিগারেট সহ একটি সাদা বেলেনো গাড়ি আটক করে কৈলাসহর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটির নম্বর টিআর-০২-এম-০৪০১।

কৈলাসহর থানার ওসি তাপস মালাকারের নেতৃত্বে একটি পুলিশ দল শহরের ডিকে রোড সংলগ্ন সাইফন মার্কেট এলাকায় অভিযান চালায়। সেখানেই সন্দেহভাজন গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভিতর থেকে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার হয়।এই ঘটনায় গাড়ি থেকে দুই যুবককে আটক করা হয়েছে। ধৃতরা হল মাছমারা পেঁচারথল এলাকার বাসিন্দা রাকেশ ভৌমিক (২৩) এবং তরীফ সরকার। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তারা মাছমারা থেকে কুমারঘাট হয়ে কৈলাসহরে পৌঁছেছিলো।

পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করেছে এবং পুরো চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের এই তৎপরতায় অবৈধ চোরাচালান রুখতে বড় পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment