স্বশাসিত এলাকার মানুষের অধিকার রক্ষায় তিপ্রা মথাই একমাত্র দল : প্রদ্যৎ কিশোর দেববর্মন

প্রগতি ত্রিপুরা, ০৭ এপ্রিল, ২০২৬: স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে তিপ্রা মথার উদ্যোগে মনুবনকুল আই,টি,আই স্কুল সংলগ্ন মাঠ প্রাঙ্গণে ২৮ শিলাছড়ি মনুবনকুল ও ২৭ পূর্ব মুহুরীপুর প্রার্থীর সমর্থনে এক নির্বাচনি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যৎ কিশোর দেববর্মন, ২৮ শিলাছড়ি মনুবনকুলের কেন্দ্রের তিপ্রা মথার প্রার্থী মনিন্দ্র ত্রিপুরা ২৭ পূর্ব মুহুরীপুর ভূরাতলী কেন্দ্রের প্রার্থী দেবজিৎ ত্রিপুরা, বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ অনান্য নেতৃত্ব।

সভায় আলোচনা করতে গিয়ে ত্রিপুরার বর্তমান শাসক দল তথা ত্রিপুরা মথার জোট সঙ্গী বিজেপি দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। আসন্ন নির্বাচনে তিপ্রা মথাকে শক্তিশালী করতে দলীয় কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, স্বশাসিত এলাকার মানুষের অধিকার রক্ষায় তিপ্রা মথাই একমাত্র দল, যারা বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে। যে অধিকার ও সুবিধা সিপিএম, বিজেপি বা কংগ্রেস দিতে পারেনি, তিপ্রা মথা সেই সমস্ত সুযোগ-সুবিধা পাহাড়ি মানুষের হাতে পৌঁছে দেবে।

তিনি জনজমি-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেন। তিনি আরো বলেন, ত্রিপুরার এনজেল চাকমাকে যখন উত্তরাখন্ডে খুন করা হয়েছিল তখন রাজ্যের মুখ্যমন্ত্রী এক মাস বসে ছিলেন। তখন বোবাগ্রা এর প্রতিবাদে আওয়াজ তুলেছিলেন। পরিশেষে তিনি বলেন আগামী ১২ এপ্রিল নির্ভয়ে ভোট দান করুন। এডিসিতে তিপ্রা মথার সরকার গঠন হতে চলছে।

Leave a Comment