প্রগতি ত্রিপুরা, ১০ ফেব্রুয়ারি ২০২৬ : ধর্মনগরে দুই আইনজীবী যোগ দেন কংগ্রেসে।
কংগ্রেস দলের সারা দেশব্যাপী মনরেগা বাঁচাও সংগ্রাম কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী ১৭ই ফেব্রুয়ারি রাজধানী আগরতলায় রাজ্যপাল ভবন অভিযান কর্মসূচি সফল করার লক্ষ্যে মঙ্গলবার ধর্মনগরের জেলা কংগ্রেস ভবনে দলীয় নেতৃত্ব ও কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ সাহা।
এই কর্মসূচির বাস্তবায়ন নিশ্চিত করতে জেলা ও ব্লক স্তরের দলীয় কর্মী-সমর্থকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়।
পাশাপাশি আগামী দিনে দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির রূপরেখা ও বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সফর ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ সাহা।
একই সঙ্গে তিনি ৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচন প্রসঙ্গেও কথা বলেন। আশিষ সাহা জানান,এই উপনির্বাচনে মূলত বিজেপি দলের বিরুদ্ধে লড়াই করাই কংগ্রেসের প্রধান লক্ষ্য।
এদিনের বৈঠকে প্রদেশ সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সদস্য চয়ন ভট্টাচার্য,উত্তর জেলা কংগ্রেস সভাপতি দ্বীগবিজয় চক্রবর্তী,সহ জেলা ও ব্লক স্তরের বিভিন্ন নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
এছাড়াও এদিন কংগ্রেস দলে যোগদান করেন ধর্মনগর বারের দুই আইনজীবী এবং যুবরাজনগর বিধানসভা এলাকার এক প্রাক্তন শাসকদলীয় পঞ্চায়েত সদস্য।
ধর্মনগর বারের থেকে কংগ্রেসে যোগ দেন আইনজীবী জোসেফ হালাম ও কল্পজ্যোতি নাথ। তাদেরকে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন নেতৃত্বরা।








